তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী রোববার জোহানেসবার্গে টেস্ট ম্যাচ দিয়ে দুদলের মাঠের লড়াই শুরু হবে। সিরিজ শুরুর আগে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বাংলাদেশকে নিয়ে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে আলোচনায় থাকা তাওহিদ হৃদয়কে নিয়ে বিশেষ পরিকল্পনা ও কৌতূহল রয়েছে প্রোটিয়া শিবিরে। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলের ম্যাচে সাড়ে তিনশ রান করেছিলেন হৃদয়।
হৃদয়ের দুর্দান্ত ফর্মের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে প্রোটিয়া কোচ শুকরি কনরাড রসিকতার ছলে বলেন, ‘এবার তো ওর ব্যর্থ হওয়ার পালা, তাই না!’
সঙ্গে হৃদয়কে একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে অভিহিত করে কনরাড আরো বলেন, ‘পচেফস্ট্রুমের সেই ম্যাচটি যদি এখনো চলত, তাহলে সম্ভবত সে এখনো ব্যাটিং করত। অনলাইনে তার ব্যাটিংয়ের কিছু ভিডিও দেখেছি আমরা। ব্যাটারদের ক্ষেত্রে ভালো ব্যাপার হলো, তারা যেখানে ভালো করে সেখানে আবার খেললে বেশ আত্মবিশ্বাসী থাকে। এখানে খেলার ব্যাপারে সে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে, কোনো সন্দেহ নেই।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের সেরা ছন্দে না থাকলেও, স্বাগতিক কোচ তাদের কোনোভাবেই খাটো করে দেখছেন না। বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের সমকক্ষ হিসেবে বিবেচনা করে শুকরি কনরাড বলেন, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে যে পরিমাণ সম্মান করি, তাদেরও ঠিক ততটাই সম্মান দিচ্ছি। এখানে এসে তারা অনেক আত্মবিশ্বাসী থাকবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানের দিকে মনোযোগ ধরে রাখা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

