চতুর্থ ওয়ানডেতে ব্যাট হাতে ১১৩ রানের নজরকাড়া ইনিংস খেলেছেন জাওয়াদ আবরার। এমন দিনে দল জিতেছে ১৪৬ রানের বিশাল ব্যবধানে। দলের জয়ে অবদান রাখতে পেরে তাই মহা খুশি আবরার। এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও শতকের দেখা পান এই ওপেনার।
কলম্বোতে আবরারের সেঞ্চুরির ওপর ভর করে স্কোরবোর্ডে ৩৩৬ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। জবাবে ১৯০ রানে অলআউট হয় শ্রীলঙ্কার যুবারা। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যাচ শেষে আবরার বলেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি, তাও তিন ম্যাচের মধ্যে দুটি। তাই খুব ভালো লাগছে। দল আমার জন্য জিততে পেরেছে। এই জয়ে আমার অবদান ছিল। এজন্য আমি অনেক খুশি।’
দলের পরবর্তী লক্ষ্য নিয়ে আবরার বলেন, ‘ইনশাআল্লাহ সামনে আমাদের বিশ্বকাপ আছে। আমাদের দলটাও আলহামদুলিল্লাহ অনেক ভ্যালেন্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবদিক থেকেই। তাই আমরা আশাবাদী দেশের জন্য ভালো কিছু করব।’
আবরার আরও বলেন, ‘দলগতভাবে আমরা সেরা ক্রিকেটটা খেলতে চাই। আমাদের যে সম্ভাবনা আছে সে অনুযায়ী খেলতে পারলে বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

