জাতীয় বক্সিংয়ে আজ ১৩টি ইভেন্টের খেলা রয়েছে। আজ যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের মধ্যকার ফাইনাল ম্যাচটির দিকেই নজর থাকছে সবার। গতকালই তাদের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। সেই সূচি পরিবর্তন করা হয়েছে। আজ বিকাল ৪টা থেকে ৫টায় হবে।
অন্যদিকে, গতকাল পুরুষ ও নারীদের ২৪টি ইভেন্টের ১১টির ফাইনাল হয়েছে। এর মধ্যে ছেলেদের আটটি ও মেয়েদের তিনটি ইভেন্ট ছিল। এই ফাইনালে তারকা বক্সারদেরই জয়জয়কার হয়েছে। পুরুষ বিভাগে ৫১ কেজির ফাইনালে সেনাবাহিনীর তরিকুল ইসলাম রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে, ৬০ কেজিতে সেনাবাহিনীর বেলাল হোসেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদারকে, ৬৩.৫ কেজিতে সেনাবাহিনীর হোসেন আলী আনসারের আল সানিকে, ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার ইমন মেহেদী হাসানকে, ৭১ কেজিতে সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে, ৮০ কেজিতে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরীচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে, ৮৬ কেজিতে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী রাজশাহীর মেহেদী রানা কমলকে এবং ঊর্ধ্ব-৯২ কেজিতে সেনাবাহিনীর মেহেদী হাসান রাজশাহীর কাইয়ুম আলীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন।
অন্যদিকে, মেয়েদের বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণ জিতে নেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭০ কেজিতে সেনাবাহিনীর আনীতা ইসলাম এবং ঊর্ধ্ব-৮০ কেজিতে সেনাবাহিনীর আসমা খাতুন বিনা লড়াইয়ে স্বর্ণ জিতে নেন। এই দুই বক্সারের প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নিয়েছেন। তাই এই দুই ইভেন্টে কেবল স্বর্ণ ও ব্রোঞ্জ থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

