মৃত্যু মামলায় আদালতে জমা ম্যারাডোনার বাবার মেডিকেল রিপোর্ট!

 মৃত্যু মামলায় আদালতে জমা ম্যারাডোনার বাবার মেডিকেল রিপোর্ট!

কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার রহস্যজনক মৃত্যু নিয়ে চলমান চিকিৎসাজনিত অবহেলা মামলায় আদালতে তৈরি হয়েছে এক নজিরবিহীন নাটকীয়তা। বিশ্বকাপের নায়ক ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার যে মামলাটি আর্জেন্টিনায় বিচারাধীন, সেখানে ফুটবল জাদুকরের নাম ব্যবহার করে আদালতে প্রকৃতপক্ষে জমা দেওয়া হয়েছে তার বাবার পুরনো ডাক্তারি পরীক্ষার রিপোর্ট।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় স্বাস্থ্য বীমা কোম্পানি ‘সুইস মেডিক্যাল’ আদালতে এক চিঠির মাধ্যমে এই চরম ভুলের কথা স্বীকার করে নিয়েছে। এএফপির হাতে আসা নথিতে দেখা যায়, সংস্থাটি তদন্তকারী চিকিৎসা কমিশনের কাছে ম্যারাডোনার নাম ব্যবহার করে যেসব পরীক্ষার রিপোর্ট পেশ করেছিল, সেগুলো মূলত তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার। এই রিপোর্টগুলো ছিল ২০১৫ সালের, যে বছর ম্যারাডোনার বাবা মারা যান।

আদালতে বিচারাধীন সাতজন পেশাদার স্বাস্থ্যসেবা প্রদানকারীর বিচার প্রক্রিয়ায় গত সপ্তাহে এই চাঞ্চল্যকর ভুলটি প্রকাশ্যে নিয়ে আসেন অভিযুক্তদের একজনের পক্ষের আইনজীবী।

মস্তিষ্কে সফল রক্তক্ষরণের অস্ত্রোপচারের মাত্র দুই সপ্তাহ পর ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফুসফুসে পানি জমে (অ্যাকিউট পালমোনারি এডিমা) মৃত্যুবরণ করেন ফুটবল মানসপুত্র ম্যারাডোনা। তার মৃত্যুর পর থেকেই চিকিৎসায় মারাত্মক অবহেলার অভিযোগ তুলে মামলা দায়ের করে তার পরিবার। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বহুল আলোচিত বিচার কার্যক্রম অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন