অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। দলের জয়ের ম্যাচে ফিফটি করেছেন ম্যাথু ব্রিটজকে। খেলেছেন ৫৭ রানের ইনিংস। আর তাতেই বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন প্রোটিয়া ব্যাটার। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম তিন ওয়ানডেতে সর্বোচ্চ রান করাদের তালিকায় তিনি এখন শীর্ষে। এতদিন এই রেকর্ডটি দখলে ছিল ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক নাইটের।
২০২৩ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রিটজকের। ওয়ানডেতে অভিষেকের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দেড় বছর। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ২৬ বছর বয়সি ব্রিটজকের। অভিষেক ম্যাচেই খেলেন রেকর্ডগড়া ১৫০ রানের ইনিংস।
এরপর ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩ রান। এরপর মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৫৭ রানের ইনিংস। সব মিলিয়ে ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডে শেষে ব্রিটজকের রান ২৯০, যা ক্যারিয়ারের প্রথম তিন আন্তর্জাতিক ওয়ানডে শেষে কোনো ব্যাটারের সর্বোচ্চ।
এ তালিকায় আগের নামটি ছিল ইংল্যান্ডের নিক নাইটের। ১৯৯৬ সালে অভিষেক হওয়া এই ব্যাটার ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে করেন ২৬৪ রান। তিনি নেমে গেলেন দুইয়ে। তালিকায় তিনে আছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (২৫৯ রান)। এরপর সেরা পাঁচে আছেন ইংল্যান্ডের অ্যালান লাম্ব (২৫২ রান) ও আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ (২৪৪ রান)।
অন্যদিকে, আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতেই পঞ্চাশোর্ধ রানের রেকর্ডে ব্রিটজকে চতুর্থ ক্রিকেটার। আগের তিনজন ভারতের নভজোত সিং সিধু (৭৩, ৭৫ ও ৫১), নেদারল্যান্ডসের টম কুপার (৮০*, ৮৭ ও ৬৭) এবং ম্যাক্স ও’দাউদ (৮৬*, ৫৯ ও ৮২)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

