মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অসুস্থ হয়েও স্বর্ণ পদক জিতলেন মারজান আক্তার। এসএ গেমসে স্বর্ণপদক জেতা এই কারাতেকা শ্বাসকষ্টে ভুগছেন। তাই আন্তর্জাতিক পর্যায়ে আর লড়বেন না বলে জানিয়ে দিলেন তিনি। অন্যদিকে, কারাতেকে বিদায় বলে দিলেন আনসারের নাসিমা আক্তার জুঁই। মারজান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি। আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। এত চড়াই-উতরাইয়ের পরও যে আমরা রেজাল্ট দিতে পারি সেটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ছাড়া এবং আল্লাহর অশেষ রহমত ছাড়া সম্ভব নয়।’ অন্যদিকে, জুঁই বলেন, ‘আর খেলতে চাই না। অবসরে যাচ্ছি।’ টিম কাতা ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন তিনি। এদিকে, জাতীয় কারাতের শেষ দিনে বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় খেলা বন্ধ ছিল। কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আমার দেশকে বলেন, ‘ঘটনা তেমন গুরুতর বিষয় নয়। ম্যাটের বাইরে সমর্থকরা দ্বন্দ্বে জড়িয়েছে। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। কোনো খেলোয়াড় আহত হয়নি।’ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

