টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজটা দুঃস্বপ্নের মতো পার করল ওয়েস্ট ইন্ডিজ। ৩ টেস্টের সবকটিতে হেরেছিল ক্যারবিয়ানরা। এবার টি-টোয়েন্টিতেও একই ঘটনার পুনরাবৃত্তি করল তারা। এই সংস্করণে ৫-০ ব্যবধানে হেরে ধবল ধোলাইয়ের লজ্জা পেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ টি-টোয়েন্টিতে তাদের ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

টেস্ট ও টি-টোয়েন্টি মিলে অস্ট্রেলিয়ার কাছে টানা ৭ ম্যাচ হেরে বিপর্যস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ। কুড়ি ওভারের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। কিন্তু শেষ সান্ত্বনাটাও পেল না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

ওয়ার্নার পার্কে ৩ ওভার হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। যদিও জবাব দিতে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না তাদের জন্য। দলীয় ২৫ রানের মধ্যে বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস ও মিচেল মার্শ। শুরুতে পথ হারানো অজিদের কক্ষপথে রাখেন ক্যামেরুন গ্রিন, টিম ডেভিড, মিচেল ওয়েন ও অ্যারন হার্ডি। ১৭ বলে ৩৭ রান করেন ওয়েন। ৩২ রান আসে গ্রিনের ব্যাট থেকে। ১৮ বল খেলেন তিনি। ১২ বলে খেলা ডেভিডের অবদান ৩০ রান। ২৮ রানে অপরাজিত থাকেন হার্ডি। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে ১৭ রানে ৩ উইকেট নেন আকিল হুসেইন।

টস হারা ওয়েস্ট ইন্ডিজ এদিন পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি। ১৯.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয় তারা। ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান এনে দেন শিমরন হেটমায়ার। ১৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেন শেরফানে রাদারফোর্ড। ১৫ বলের মোকাবেলা করা জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ২০ রান। ৩ উইকেট নেন বেন দারসুইস। ৪১ রান খরচ করেন এই পেসার। ৩২ রানে ২ উইকেট নেন নাথান এলিস।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৭০/১০, ১৯.৪ ওভার (হেটমায়ার ৫২, রাদারফোর্ড ৩৫, হোল্ডার ২০; দারসুইস ৩/৪১)

অস্ট্রেলিয়া: ১৭৩/৭, ১৭ ওভার (ওয়েন ৩৭, গ্রিন ৩২, ডেভিড ৩০; আকিল ৩/১৭)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

ম্যাচসেরা: বেন দারসুইস

সিরিজসেরা: ক্যামেরুন গ্রিন

সিরিজ: অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন