২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ কথা ছিল বাংলাদেশ দলের। ভারতের দেরাদুনে ওই সিরিজ সূচির সময়ে আবহাওয়া অনুকূলে থাকবে নাÑএমন যুক্তিতে স্থগিত করা হয়েছিল ওই সিরিজ। নতুন সময়সূচিতে এশিয়া কাপের পর দুবাইতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
আগামী ২ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে যথাক্রমে ৪ এবং ৬ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদিনের বিরতি দিয়ে ওয়ানডে সিরিজ খেলতে নামবে দুই দল। আগামী ৯ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে যথাক্রমে ১১ এবং ১৪ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচই আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনের প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথেয়তা দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার প্রতিশ্রুতিকে জোরালো করবে। সমর্থকরা পাবে রোমাঞ্চকর ম্যাচ ও উচ্চমানের প্রতিযোগিতা।’
আফগানদের বিপক্ষে এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া মহাদেশীয় এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ। আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে লাল-সবুজের প্রতিনিধিদের এশিয়া কাপ মিশন। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিপক্ষ হংকং। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর। এই দুদিনে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সূচি
২ অক্টোবর – প্রথম টি-টোয়েন্টি,
৪ অক্টোবর – দ্বিতীয় টি-টোয়েন্টি
৬ অক্টোবর – তৃতীয় টি-টোয়েন্টি
৯ অক্টোবর – প্রথম ওয়ানডে
১১ অক্টোবর – দ্বিতীয় ওয়ানডে
১৪ অক্টোবর – তৃতীয় ওয়ানডে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

