নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্য দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব। এ উৎসবে শামিল হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনও। 'তারুণ্যের উৎসব-২০২৫' উপলক্ষে গত ২০ জানুয়ারি শুরু হয়েছে 'যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) প্রতিযোগিতা। দেশব্যাপী এ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে 'তারুণ্যের উৎসব-২০২৫'-এ জাগরণ সৃষ্টি করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত হয়েছে 'যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা)' প্রতিযোগিতা। ৮ জোনে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৩৩৯ উপজেলা। বালক ও বালিকা মিলিয়ে দেশব্যাপী আয়োজনে অংশগ্রহণ করেছে সব মিলিয়ে ৫২৯ দল। বালক বিভাগে অংশগ্রহণ করেছে ৩৩১ দল, বালিকা বিভাগে দলসংখ্যা ১৯৮। জেলা পর্যায়ের প্রতিযোগিতার পর জোনাল পর্বে খেলা হয়েছে। এখন জাতীয় পর্বে চূড়ান্ত প্রতিযোগিতার অপেক্ষায় সেরা দলগুলো।
পল্টন ময়দানে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। যেখানে মধুমতী, তিস্তা, ধানসিঁড়ি, ব্রহ্মপুত্র, রূপসা, সুরমা, পদ্মা ও কর্ণফুলী জোনের প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলো অংশগ্রহণ করবে। তৃণমূল থেকে মনোনীত সেরা খেলোয়াড়দের মাধ্যমে গড়া দলগুলো জাতীয় পর্বে অংশগ্রহণ করবে।
যুব কাবাডি প্রতিযোগিতার বিস্তারিত জানাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও তারুণ্যের উৎসবে কাবাডির অর্গানাইজিং কমিটির হেড অফ মার্কেটিং ওয়াহিদ মুরাদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

