প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস

দলগত সেরা সেনাবাহিনী, এককে সেরা হৃদয়-মৌ

দলগত সেরা সেনাবাহিনী, এককে সেরা হৃদয়-মৌ

সম্প্রতি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত প্রেসিডেন্ট কাপে দলগত ইভেন্টে পুরুষ, মহিলা এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হবার মাধ্যমে সেরা দল হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া একক প্রতিযোগিতায় পুরুষ এবং বালিকা দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জসহ সর্বমোট ১১টি পদক জয়লাভ করেছে।

বিজ্ঞাপন

পদকের বিবেচনায় ২য় অবস্থানে রয়েছে বাংলাদেশ জেল দল। তারা বালক একক এবং দলগত ২টি বিভাগে স্বর্ণ, ১টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ সর্বমোট ৬টি পদক পয়েছে। নবাগত দল হিসেব মাইক্রো ফাইবার গ্রুপ টেবিল টেনিস একাডেমি মহিলা এককে স্বর্ণসহ ২টি রৌপ্যপদক জয়লাভ করে চমক দেখিয়েছে।

পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় (সেনাবাহিনী), মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছে মৌ ( মাইক্রো ফাইবার), বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে নাফিজ (বাংলাদেশ জেল) এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খই খই (সেনাবাহিনী)।

শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর স্টেডিয়ামে ২২-২৫ মে পর্যন্ত চারদিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি টেবিল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট এবং মাইক্রো ফাইবার গ্রুপের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার এম এস জামান এবং বিশেষ অতিথি ইনসেপটা ফার্মাসিটিক্যালের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) এহসান আজিজ।

টুর্ণামেন্টে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে নগদ ৫ লাখ ২৬ হাজার টাকা প্রাইজমানি বিতরণ করা হয়। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ, সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু, যুগ্ম সাধারণ সম্পাদক এবং টুর্ণামেন্টের আহ্বায়ক নাসিমুল হাসান কচি, জাতীয় কোচ মোস্তফা বিল্লাহ, অ্যাডহক কমিটির সদস্য পিয়া আরেফিন খালেদা হক, কাজী মোঃ আসিফ, সুজন মাহমুদ ও নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

পুরুষ একক: ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর মুহতাসিন আহমেদ হৃদয় ৩-২ সেটে রাজশাহী টেবিল টেনিস কমিউনিটির জাভেদ আহমেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ এককের অপর দুই সেমিফাইনালিস্ট ছিলেন সেনা বাহিনী দলের অপর দুই সদস্য রামহীম লিয়ন বম এবং ইমরুল কায়েস ইমন।

মহিলা একক: মহিলা একক এর সেমিনাইল এবং ফাইনাল শেষ ৩টি হাই ভোল্টেজ ম্যাচই ৩-২ সেটে নির্ধারিত হয়। ফাইনালে সাদিয়া রহমান মৌ সতীর্থ মাইক্রো ফাইবার গ্রুপ টেবিল টেনিস একাডেমির সোনাম সুলতানা সোমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। মহিলা এককের অপর দুই সেমিফাইনালিস্ট হলেন বাংলাদেশ সেনাবাহিনীর অনূর্ধ্ব-১৯ এর বালিকা বিভাগের তারকা খই খই সাই মারমা এবং রেশমি তঞ্চঙ্গা।

বালক একক: অনূর্ধ্ব বালক একেকর ফাইনালটি হয়েছে মূলত দলগত চ্যাম্পিয়ন বাংলাদেশ জেল দলের খেলোয়াড় মোঃ নাফিজ ইকবাল এবং আবুল হাসেম হাসিব এই দুই দ্বৈরথের বিরুদ্ধে। শেষ হাসি হাসে নাফিজ। অপর দুই সেমিফাইনালিস্ট হলেন উত্তরা টেবিল টেনিস একাডেমির তাহমিদুল ইসলাম সাকিব এবং লিংকার্স টিটি ক্লাব এর মো: জয় ইসলাম।

বালিকা একক: অনূর্ধ বালিকা একক এর খেলায় নিরঙ্কুস প্রাধান্য বিস্তার করে বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়রা। বালিকা এককে সেনা বাহিনীর শীর্ষ ৩টি স্থান দখলে রেখেছে সেনাবাহিনীর খেলোয়াড়রা। তারা হলেন যথাক্রমে খই খই সাই মারমা, ঐশী রহমান এবং রেশমি তঞ্চঙ্গা। পদক তালিকা ব্রোঞ্জে শুধু ভাগ বাসাতে পেরেছে উত্তরা টিটি একাডেমির মুসরাত জান্নাত সিগমা।

পুরুষ দলগত: অনেকটা প্রত্যাশিতভাবেই টুর্ণামেন্টে নবাগত রাজশাহী টিটি কমিউনিটিকে পরাজিত করে পুরুষদের দলগত ইভেন্টের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে বাংলাদেশ সেনা বাহিনী। সেনা দলের সদস্যরা ছিলেন: রামহীম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন, মো: হাসিবুর রহমান এবং নাসির খান। রাজশাহী দলের সদস্যরা হলেন জাভেদ আহমেদ, মুফরাদুল খায়ের হামজা (সজীব), রিফাত আহমেদ সাব্বির, মুহাম্মদ মেহেদী হাসান তনু, মো: লিটন আলী। টুর্ণামেন্টের অপর দুই সেমিফাইনালিস্ট ছিল নবাগত ব্যাটমান টিটি ক্লাব এবং তারুণ্য নির্ভরদল বাংলাদেশ জেল।

মহিলা দলগত: মহিলা একক এর শীর্ষ খেলোয়াড়দের নিয়ে দলগঠন করে এবার টুর্নামেন্টে চমক সৃষ্টি করেছে মাইক্রো ফাইবার গ্রুপ টিটি একাডেমি। কিন্তু সেনাবাহিনী দলের রাহিমা আক্তার, ঐশী রহমান, খই খই সাই মারমা এবং রেশমি তঞ্চঙ্গার লং পিপস রাবারের কাছে পরাজিত হয় সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, সামান্তা হোসেন তুঁশি ও নওরিন সুলতানা মাহি। টুর্ণামেন্টের অপর দুই সেমিফাইনালিস্ট হলেন উত্তরা টিটি একাডেমি এবং বাংলাদেশ জেল দল।

বালক দলগত: বালক দলগত বিভাগে শীর্ষ ৩টি র‌্যাংকিংয়ে কোন আপসেট হয়নি। লিংকার্স টেবিল টেনিস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশ জেল দল। জেল দলে ছিল কিশোর তারকা মো: নাফিজ ইকবাল, মো: সাগর আলী এবং আবুল হাসেম হাসিব। লিংকার্সের পক্ষে লড়াই করেছে মো: জয় ইসলাম, মিনহাজ মাহমুদ, মোঃ মনিরুল ইসলাম এবং আবু সুফিয়ান ইভান। অপর দুই সেমিফাইনালিস্ট দল ছিল উত্তরা টিটি একাডেমি এবং জাহাঙ্গীর বিল্ডার্স।

বালিকা দলগত: দলগত শক্তির শীর্ষ ৪টি দলই প্রতিযোগী শেষে শীর্ষ ৪টি স্থান লাভ করেছে। সেরা বালিকা দল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ফাইনালে উত্তরা টিটি একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। দলের সদস্যরা হলেন: খই খই, রেশমি ও ঐশী। উত্তরা টিটি একাডেমির খেলোয়াড়রা হলেন মুসরাত জান্নাত সিগমা, লক্ষ্মী দত্ত, শ্রাবন্তী দেবনাথ রাণী ও নুসরাত জাহান অনন্য। বালিকা দলগত বিভাগের অপর দুই সেমি ফাইনালিস্ট দল হলো বাংলাদেশ জেল টেবিল টেনিস দল এবং জেবিএল ৭১।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন