পেশাদার লিগে ডাগআউটে দাঁড়াতে পারবেন না বাফুফে সদস্যরা

পেশাদার লিগে ডাগআউটে দাঁড়াতে পারবেন না বাফুফে সদস্যরা

শেষ হলো বাংলাদেশ প্রিমিউয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। আসর শেষে পরের মৌসুমের অগ্রগতি নিয়ে আলোচনায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি। তাতে আসর আরো উন্নত করা, বিদেশি কোটা কমানো, খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া সহজকরণ, বাফুফে সদস্যদের ডাগআউটে দাঁড়াতে না দেওয়াসহ আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাফুফের নির্বাহী, স্ট্যান্ডিং, অ্যাডহক কমিটিসহ বিভিন্ন কমিটিতে আছেন ক্লাবগুলোর কর্মকর্তাদের অনেকে। তাদের ম্যাচ চলাকালীন ডাগআউটে দাঁড়ানো নিয়ে বিতর্ক আছে অনেক। তাই স্বচ্ছতা প্রশ্নে কোনো আপোষ করেনি বাফুফে। কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিজ্ঞাপন

ইমরুল বলেছেন, ‘বাফুফের ইসি কমিটি, বিভিন্ন স্ট্যান্ডিং বা অ্যাডহক কমিটিতে যারা আছেন, তাদের কেউ ডাগআউটে দাঁড়াতে পারবেন না। ইন্টিগ্রিটি আপগ্রেড করার জন্য প্রতিটি ডাগআউটে রেকর্ডার বসানোর সিদ্ধান্তও হয়েছে।’

তিনি আরো জানান, ‘আগামী বছর থেকে ক্লাবগুলো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে ৩৫ জন; এর মধ্যে ৫ জনের বয়স নির্ধারণ করে দিয়েছি, যাদের জন্ম ১ জুন ২০০৬ থেকে ৩১ মে ২০০৯ পর্যন্ত, অর্থাৎ অনুর্ধ্ব-২০ বছর বয়সী হতে হবে তাদের। এদের মধ্যে একজনকে অবশ্যই সেরা একাদশে খেলাতে হবে।’

‘বিদেশি নিবন্ধনের ক্ষেত্রে একজন কমিয়ে পাঁচ জন করা হয়েছে। যার মধ্যে চার জন স্কোয়াডে থাকবে, এর মধ্যে তিন জন সেরা একাদশে খেলতে পারবে। এক বিদেশির পরিবর্তে আরেকজন খেলতে পারবে।’- আরও যোগ করেন ইমরুল।

প্রিমিয়ার লিগ শেষে দুই দলকে ট্রফি দেওয়ার পুরোনো রেওয়াজ থেকে বেরিয়ে যুগোপযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এ নিয়ে ইমরুল বলেন, ‘প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপকে ট্রফি দেওয়া হয় আমাদের এখানে, যেটা বিশ্বের কোথাও হয় না। শুধু চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়। এবার থেকে আমরাও শুধু চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেব। তবে টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন