সাব্বিরের সেঞ্চুরি বৃথা, তাইজুলের চার উইকেট

স্পোর্টস রিপোর্টার

সাব্বিরের সেঞ্চুরি বৃথা,
তাইজুলের চার উইকেট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পাঁচ ম্যাচ ফল দেখেছে আজ রিজার্ভ ডে’তে। শুক্রবার প্রতিটি ম্যাচ অসম্পূর্ণ থেকে যায় বৃষ্টির হানায়। ম্যাচগুলোর বাকি খেলা হয়েছে আজ শনিবার। সাভারের বিকেএসপিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ইরফান শুক্কুরের সেঞ্চুরি (১১৯) ও মেহেদী হাসান মিরাজের (৭২) ফিফটিতে ২৭৫ রানের পুঁজি গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে আবাহনী লিমিটেড এক উইকেট হারিয়ে ৫১ রান তুলতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। রিজার্ভ ডেতে আজ আবাহনী লিমিটেড (১৬৭/৭) ৭ বল হাতে রেখে ডিএলএস মেথডে জিতেছে ৩ উইকেটে। যদিও ২০ ওভারে তাদের লক্ষ্য ছিল ১৬৩ রান।

পুবেরগাঁওতে তাওহিদ হৃদয় (১০১*) ও মুশফিকুর রহিমের (১০০) জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৩৩ রানের সংগ্রহ গড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজী গ্রুপ ২ উইকেটে ৪১ রান তুলতেই মাঠে হানা দিয়ে বসে বৃষ্টি। আজ রিজার্ভ ডে'তে সাব্বির হোসেনের সেঞ্চুরি (১০৪) ও শোভন মোড়লের (৫৬) ফিফটির পরও ৮ উইকেটের বিনিময়ে ২৮৭ রানের বেশি তুলতে পারেনি গাজী গ্রুপ। ৪২ ওভারে তাদের লক্ষ্য ছিল ৩৩৫ রান। বৃষ্টি আইনে মোহামেডান জিতেছে ৪৭ রানে। দলের হয়ে তাইজুল ইসলাম পেয়েছেন ৪ উইকেট।

আর বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে নার্ভাস নাইনটিতে সাজঘরে ফিরেছেন শাহাদাত হোসেন সবুজ (৯০)। ১০ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। তার শতক মিসের পরও গুলশান ক্রিকেট ক্লাব ২০১ রানের সংগ্রহ দাঁড় করায়। সিটি ক্লাবের হয়ে আব্দুল গাফ্ফার সাকলাইন পেয়েছেন ফাইফার। তবে তার দল ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে। বৃষ্টির নাচন শুরুর আগে ৪১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে সিটি ক্লাব। ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ এনামুলের (৫৬) ফিফটি হাঁকানোর পরও সিটি ক্লাব গুটিয়ে গেছে ১৮৬ রানে। ৪৬ ওভারে লক্ষ্য ছিল ২০৪ রান। ডিএলএস মেথডে ১৭ রানে জিতেছে গুলশান ক্রিকেট ক্লাব।

ঢাকা ক্রিকেটার্স একাডেমিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করে ১৬৫ রানের সংগ্রহ গড়ে প্রাইম ব্যাংক। ৪ উইকেট নেন মারাজ মাহবুব। ২৯.৪ ওভারে ১৪২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ৬ উইকেটে হারিয়ে ১২৫ তুলতে পেরেছিল রূপগঞ্জ। ডিএলএস মেথডে প্রাইম ব্যাংক জিতেছে ১৬ রানে। আর ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে ৯ উইকেটের বিনিময়ে ২৫১ রান গড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স। ৪ উইকেট নেন ইফতিখার হোসেন ইফতি। ৪৫ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৫২। ইফতিখার হোসেন ইফতি (৭০) ও মঈন খানের (৫৭) জোড়া ফিফটিতেও ২২০ রানে থেমে যায় ঢাকা লিওপার্ডস। বৃষ্টি আইনে বসুন্ধরা জেতে ৩১ রানে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন