লিডস ইউনাইটেডে রাফিনহার ফর্ম তখন তুঙ্গে। ব্রাজিলিয়ান উইঙ্গারকে পেতে তর সইছিল না বার্সেলোনার। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসির সঙ্গে লড়াই করে জিতে যায় কাতালানরা। তার কাছ থেকে বার্সেলোনার সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। সামর্থ্য নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না। তবে, বার্সায় আসার পর রাফিনহার স্বপ্নগুলো রূপান্তর হতে থাকে দুঃস্বপ্নে। প্রত্যাশা রূপ নেয় হতাশায়।
সেই হতাশা ঝেরে ফেলে হ্যান্সি ফ্লিকের অধীনে পুনর্জাগরণ হয় ব্রাজিলিয়ান সুপারস্টারের। ২০২৪-২৫ মৌসুমে হাতে আর্মব্যান্ড পরে বল পায়েও নেতার মতো ছুটেছেন রাফিনহা। দলকে জিতিয়েছেন ঘরোয়া ট্রেবল। নেতৃত্বের সঙ্গে পারফরম্যান্সের মেলবন্ধনে জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অরের দৌড়ে।
লিডস থেকে ২০২২ সালে বার্সায় যোগ দিয়ে সে মৌসুমেই লা লিগা জেতেন রাফিনহা। তবে নিজের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। পরের মৌসুমটিও (২০২৩-২৪) একইভাবে যাওয়ায় ক্লাব ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে রাফিনহার মাঝে ভবিষ্যতের নেতার ছায়া দেখা কোচ হ্যান্সি ফ্লিক অনুরোধ করেন থেকে যেতে। পরের গল্পটা প্রায় সবারই জানা।
২০২৪-২৫ মৌসুমে বার্সার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে দারুণ ভূমিকা ছিল ২৮ বছর বয়সি এ উইঙ্গারের। ক্যারিয়ারের সিকিভাগ অর্জনই রাফিনহা পেয়েছেন বার্সেলোনায়। স্প্যানিশ দলটির হয়ে দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের সঙ্গে সঙ্গে জিতেছেন একটি কোপা দেল রে’র ট্রফি। লা লিগার মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও বাগিয়ে নিয়েছেন তিনি। এছাড়া পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে জিতেছেন পর্তুগিজ কাপ ও পর্তুগিজ লিগ কাপ।
বার্সেলোনার আক্রমণভাগের দুই তারকা লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কির সঙ্গে মিলে প্রতিপক্ষের রক্ষণে বারবার হানা দিয়েছেন, গতির সঙ্গে মনমাতানো ড্রিবলিংয়ে খাবি খাইয়েছেন, গোল করেছেন, করিয়েছেন। অনেক ম্যাচে তো একাই দলকে এনে দিয়েছেন পয়েন্ট। স্বপ্নের মতো একটি মৌসুমে কাটানো রাফিনহা নিজেকে জানান দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ২৫ গোল করিয়েছেন।
বার্সা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেও ১৩ গোল নিয়ে প্রতিযোগিতাটির এ মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। যে কারণে ব্যালন ডি’অর জয়ের দৌড়েও সেরার কাতারে তাকে রেখেছেন ফুটবলবোদ্ধারা। সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে ইতোমধ্যে টিকে গেছেন ব্রাজিলিয়ান তারকা।
যে রাফিনহার বার্সেলোনা ক্যারিয়ার এক মৌসুমেই শেষ হওয়ার পথে ছিল, তাকেই কি না আগামীর জন্য ধরে রেখেছে দলটি। চুক্তি নবায়ন করেছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। সম্ভাবনার সবটা উজাড় করে বার্সেলোনাকে ট্রেবল জেতানো রাফিনহা এবার ব্যালন ডি’অর জিততে পারেন কি না, সেটারই অপেক্ষা এখন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

