আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোনালদোর ফুটবল-পরবর্তী জীবনের রূপরেখা স্পষ্ট

স্পোর্টস ডেস্ক

রোনালদোর ফুটবল-পরবর্তী জীবনের রূপরেখা স্পষ্ট

২০২৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন আল নাসরে নতুন অধ্যায় শুরু করেন, তখনই ভবিষ্যতে একটি ক্লাবের মালিক হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। পর্তুগিজ কিংবদন্তি বলেছিলেন, ক্যারিয়ারের শেষ দিকে এসে তিনি ক্লাব মালিকানায় যুক্ত হতে চান। তিন বছর পর সেই কথারই বাস্তবায়ন করলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। নিজ প্রতিষ্ঠান ‘সিআর৭ স্পোর্টস ইনভেস্টমেন্টস’-এর মাধ্যমে স্পেনের দ্বিতীয় বিভাগে খেলা ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন রোনালদো। বিনিয়োগের পরিমাণ প্রকাশ করা হয়নি।

এই বিনিয়োগের মাধ্যমে রোনালদোর স্প্যানিশ ফুটবলে এক অর্থে প্রত্যাবর্তনও হলো। তিনি ৯ মৌসুম খেলেছেন রিয়াল মাদ্রিদে, যেখানে ৪৫১ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন এবং জেতেন ১৬টি ট্রফি। শেয়ার কেনার পর এক বিবৃতিতে ৪১ বছর বয়সি রোনালদো বলেন, মাঠের বাইরে থেকেও ফুটবলে অবদান রাখার ইচ্ছা তার দীর্ঘদিনের। আলমেরিয়ার শক্ত ভিত্তি ও উন্নতির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি ক্লাবটির ভবিষ্যৎ বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

রোনালদোর এই পদক্ষেপকে দেখা হচ্ছে তার ক্যারিয়ার-পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে। তিনি আগেই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২৩ সালে রোনালদোর আল নাসরে যোগদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সৌদি ব্যবসায়ী মোহামেদ আল খেরেইজি। তিনি সৌদি বিনিয়োগ গ্রুপ এসএমসির কর্ণধার। গত বছর সৌদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি তুর্কি আল-শেখের কাছ থেকে আলমেরিয়ার মালিকানা নেয় এসএমসি। রোনালদোর বিনিয়োগে সন্তোষ প্রকাশ করে খেরেইজি বলেন, স্প্যানিশ লিগ সম্পর্কে রোনালদোর অভিজ্ঞতা ও বোঝাপড়া ক্লাবের প্রকল্পকে সমৃদ্ধ করবে।

খেলোয়াড়দের ক্লাব মালিক হওয়ার নজিরও ঢের। ডেভিড বেকহাম বর্তমানে ইন্টার মায়ামির সহ-মালিক। কিলিয়ান এমবাপ্পে খেলোয়াড়ি জীবনেই এসএম কায়েনের অধিকাংশ শেয়ার কিনেছেন। এছাড়া এই তালিকায় আছেন জেরার্ড পিকে, জ্লাতান ইব্রাহিমোভিচ, এনগোলো কান্তে, দিদিয়ের দ্রগবা, থিয়েরি অঁরি ও সেস্ক ফ্যাব্রেগাস। এবার এই তালিকায় নাম লেখালেন রোনালদো। সৌদি নেতৃত্বাধীন বিনিয়োগ জোটের পর এবার রোনালদোর যুক্ত হওয়ায় আলমেরিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ হলো। এই যাত্রা কতটা সফল হয় সেটাই দেখার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...