আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে ফের অসন্তুষ্টি

স্পোর্টস রিপোর্টার

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে ফের অসন্তুষ্টি

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বগুড়ায় মুখোমুখি হয় পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল। এই ম্যাচে পূর্বাঞ্চলের বোলার মুশফিক হাসানের বলে আরিফুল ইসলাম আউট হলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। মাঠেই ক্ষোভ প্রকাশ করেন পূর্বাঞ্চলের ক্রিকেটাররা। একই ম্যাচে ইয়াসির আলী রাব্বির আউট নিয়ে তৈরি হয় বিতর্ক।

এছাড়া একই দিনে জাতীয় চ্যাম্পিয়নশিপে ঠাকুরগাঁওয়ে রংপুরের বোলার রাফসান আল গালিবের বলে আউট হন গাইবান্ধার শিহাব জেমস। দূর থেকেই বোঝা যাচ্ছিল, বলটা অফ স্ট্যাম্প মিস করে যাবে, তবুও আউট ঘোষণা করেন আম্পায়ার। ম্যাচে আম্পায়ারদের এমন ভুল নিয়ে অসন্তুষ্ট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী। তিনি জানান, এমন চলতে থাকলে টুর্নামেন্টগুলোতে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা সম্ভব হবে না।

বিজ্ঞাপন

চলমান টুর্নামেন্টগুলোতে এমন ভুল কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী। তার মতে, ক্রিকেটের উন্নতির জন্য আম্পায়ারিংয়ের মান উন্নয়ন করা জরুরি। গত পরশু আমার দেশের সঙ্গে এসব বিষয় তুলে ধরেন এই পরিচালক।

বিপিএল কিংবা আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্টে বাংলাদেশি অভিজ্ঞ আম্পায়াররা দায়িত্ব পালন করে। তবে এনসিএল থেকে শুরু করে অন্য ঘরোয়া লিগগুলোর মাধ্যমে নতুন আম্পায়ারদের ওপরের দিকে আনার চেষ্টা করে বিসিবি। ফলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ আম্পায়াররাও নিয়মিত দায়িত্ব পালন করেন এসব টুর্নামেন্টে। ফলে ভুল হবেÑএটাই স্বাভাবিক বলে মনে করেন আহসান ইকবাল চৌধুরী। তবে সেটি কোন পর্যায়ের ভুলÑসেটা নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন।

তার মতে, আম্পায়ারদের নিয়ে বিসিবির আরো কাজ করার আছে। যাতে ভুল হলেও সেটা গ্রহণযোগ্য হয়। বিষয়টি নিয়ে অতি দ্রুতই আম্পায়ারস কমিটির সঙ্গে আলোচনা করতে চান বলে জানান আহসান ইকবাল চৌধুরী।

আম্পায়ারদের ভুল নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির ইনচার্জ অভি আব্দুল্লাহ আল নোমান জানান, বিষয়টি নিয়ে টুর্নামেন্ট কমিটির বক্তব্য শুনতে কোনো আপত্তি নেই তাদের। যখনই প্রয়োজন হবে, তখনই আলোচনা করবেন বলে জানান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিসিবি কর্মকর্তা জানান, আম্পায়াররা ভুল করতেই পারে। সেটাকে ইতিবাচকভাবে নেওয়ার মানসিকতা নেই আমাদের। গত পরশু পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচে ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে বিরূপ প্রতিক্রিয়া দেখান পূর্বাঞ্চলের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

এসব ক্রিকেটারের এমন বিরূপ প্রতিক্রিয়া নেতিবাচক প্রভাব ফেলে বলে জানান তিনি। এছাড়া তিনি আরো জানান, আম্পায়াররা ভুল করলে তাদের তুলনামূলক ম্যাচে দায়িত্ব দেওয়া হয়। ক্রিকেটারদের মতো ঘোষণা দিয়ে তাদের কোনো শাস্তি হয় না। পাশাপাশি একই ভুল ভুল বারবার করলে আম্পায়ারদের নিয়ে বাড়তি কাজ করা হয়। তবুও ক্রিকেটার-ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই শুধুই ম্যাচ অফিসিয়ালসদের ওপরই দায় চাপাতে চায়।

তবে সবকিছু মানিয়ে নিয়ে ক্রিকেটের স্বার্থে এভাবে দায় চাপানো বন্ধ করতে হবে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ওই কর্মকর্তা। তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা ঠিক রাখতে আম্পায়ারদের প্রতি ক্রিকেটারদেরও শ্রদ্ধাশীল হতে হবে। পারস্পরিক শ্রদ্ধা থাকলে তবেই ঠিক থাকবে ঘরোয়া ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...