এশিয়ান গেমস ২০২৬

কাবাডিতে ভারতের কাছে বাংলাদেশের বড় হার

কাবাডিতে ভারতের কাছে বাংলাদেশের বড় হার

এশিয়ান গেমস পুরুষ কাবাডির ‘গ্রুপ এ’তে বাংলাদেশ ৪৮–২৫ পয়েন্টে হেরে গেছে ভারতের কাছে। আজ ম্যাচটি হয়েছে জাপানের টোকাই সিটিজেন জিমনেসিয়ামে।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধেই দারুণ দাপট দেখায় ভারতীয় দলটি। প্রথমার্ধে ভারত ২৯ পয়েন্ট সংগ্রহ করার বিপরীতে বাংলাদেশ মাত্র ৯ পয়েন্ট পায়। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভারতের লিড ভাঙতে পারেনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ১৬ পয়েন্ট এবং ভারত ১৯ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ৪৮–২৫ পয়েন্টের বড় ব্যবধানে ম্যাচটি নিজেদের করে নেয় ভারত।

ভারত প্রতিপক্ষের খেলোয়াড় আউট করে মোট ৩২ পয়েন্ট পেয়েছে। যেখানে বাংলাদেশ পেয়েছে ১৩ পয়েন্ট। বোনাস পয়েন্টের দিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে ছিল; বাংলাদেশ পেয়েছে ১১ বোনাস পয়েন্ট এবং ভারত পেয়েছে ১০টি।

পুরো ম্যাচে ভারত বাংলাদেশকে অল আউট করে অতিরিক্ত ৬ পয়েন্ট পেলেও বাংলাদেশ কোনো অল আউট পয়েন্ট পায়নি। বাংলাদেশ ম্যাচে সফল সুপার ট্যাকল করে ১ পয়েন্ট অর্জন করে। দুদলের কাউকেই টেকনিক্যাল পয়েন্ট দেওয়া হয়নি এবং ম্যাচে কোনো লাল, হলুদ বা সবুজ কার্ড ব্যবহার করা হয়নি।

ভারতের শক্তিশালী আক্রমণ ও অল আউট পয়েন্টের সুবাদেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে যায়। বাংলাদেশের আক্রমণভাগ বোনাস পয়েন্টে কিছুটা লড়াই দেখালেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন