ইউরোপজয়ী মৌসুমের পর নতুন অভিযানে কিছুটা ছন্দপতন দেখা যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলায়। আসরের মাঝপথে এসে হোঁচট খেল শিরোপাধারীরা। লিগ ওয়ানে তারা হারল কোচবিহীন রেনের বিপক্ষে। রেনের মাঠ থেকে ৩-১ গোলের পরাজয় সঙ্গী করে ফিরেছে ফরাসি জায়ান্টরা। অথচ এই ম্যাচের আগে টানা সাত জয়ে উজ্জ্বল ছিল লুইস এনরিকের দল, বিপরীতে রেনে শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি এবং সপ্তাহের শুরুতেই বরখাস্ত করে প্রধান কোচ হাবিব বেয়েকে।
রোয়াজোঁ পার্কে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল স্বাগতিকরা। ৩৩ মিনিটে জর্ডানের মিডফিল্ডার মুসা আল তামারি পাল্টা আক্রমণ থেকে নিখুঁত শটে এগিয়ে দেন রেনেকে। পিএসজি বল দখলে আধিপত্য (৬৯ শতাংশ পজেশন) ও ১৭টি শট নিলেও কার্যকারিতায় পিছিয়ে ছিল। গোলমুখে তাদের শট ছিল ছয়টি, বিপরীতে রেনের ১১ শটের চারটিই লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে এস্তেবান লেপল হেডে ব্যবধান দ্বিগুণ করেন। দুই মিনিট পর রেনের সাবেক খেলোয়াড় উসমান দেম্বেলে গোল শোধ করে ম্যাচে ফেরার আশা জাগান। তবে ৮১ মিনিটে ব্রিল এমবোলোর দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে করা গোল সব আশা শেষ হয়ে যায়।
ম্যাচের পর খারাপ খেলার দায় নিয়ে, প্রতিপক্ষকে অভিনন্দন জানান পিএসজির ফরাসি তারকা দেম্বেলে, ‘আমরা ম্যাচের শুরুটা খারাপ করেছি, কিন্তু রেনে খুব ভালো খেলেছে। মাঠে আমাদের আরো তাড়না নিয়ে খেলতে হতো। পিএসজিকে জেতানোর জন্য আমাদের খেলতে হতো, কারণ আমরা দলগত ফুটবল না খেললে লক্ষ্য পূরণ হবে না, এভাবে আমরা শিরোপা জিততে পারব না।’
আসরে তৃতীয় হারের পর আবার শীর্ষস্থান থেকে নেমে যেতে পারে পিএসজি। ২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত অবশ্য টেবিলের চূড়ায়ই আছে পিএসজি। তবে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লঁস শনিবার প্যারিস এফসির মাঠে জিতলেই শীর্ষে উঠবে। আর এই অসাধারণ জয়ের পর, ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রেনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

