আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোট দেয়ায় বউ তালাক

তিন সন্তানসহ ফেনীর সেই জহুরার দায়িত্ব নিলেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, ফেনী

তিন সন্তানসহ ফেনীর সেই জহুরার দায়িত্ব নিলেন তারেক রহমান

স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া ফেনীর সেই গৃহবধূ বিবি জহুরা ও তার তিন সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার স্বামীর বাড়িতে গিয়ে এ ঘোষণা দেয় ‘আমরা বিএনপি পরিবার’।

বিজ্ঞাপন

এসময় জহুরার সংসার পরিচালনা, সন্তানদের বরণ পোষণ ও পড়ালেখার দায়িত্ব নেয় বিএনপি। এছাড়া তার সংসার পু:নস্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন বিএনপি নেতারাসহ "আমরা বিএনপি পরিবারের" সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের প্রতিনিধি দল।

মোমিন মিথু জানান, তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা নিয়ে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ জহুরার বাড়িতে আসি। জহুরার হাতে এ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। তার তিন সন্তানের ভরণপোষন ও পড়ালেখার দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়া হয়। তিনি জানান, প্রতি মাসে পরিবারের খরচের অর্থ জহুরার কাছে পৌঁছে দেবে সংগঠনের পক্ষ থেকে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে জহুরাকে বসবাসের জন্য একটি নতুন ঘর তৈরি করে দিবে আমরা বিএনপি পরিবার।

এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোস্তাকিম বিল্লাহ ও আবদুল্লাহ আল মেজবাহ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন