আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ

গ্রুপ পর্বের লড়াইয়ে বড় লক্ষ্য দাঁড় করিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি নিউজিল্যান্ড। ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছিল প্রোটিয়ারা। ওই ম্যাচে দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক এনে দিয়েছিলেন দারুণ শুরু। প্রতি ম্যাচেই এমন দারুণ শুরু পাওয়া প্রোটিয়ারা এবার হয়ে উঠেছে একরকম অপ্রতিরোধ্য। একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে ফাইনালে ওঠার মিশনে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। সন্ধ্যা সাড়ে ৭টায় আজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

বিজ্ঞাপন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই দারুণ শুরু পেয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে দুদল রান তুলেছে যথাক্রমে ৯.৬১ ও ৯.৫৪ রান রেটে। ফলে যে দলই আগে ব্যাটিং করুক, বড় রানের ম্যাচ হবেÑএটা একরকম নিশ্চিত করেই বলা যায়। ইডেন গার্ডেন্সে বড় রানের লক্ষ্য তাড়া করাটা বেশ স্বাভাবিক ব্যাপার। সবশেষ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করেছে ভারত। ফলে বলাই যায়, দুদলই চাইবে বড় রানের সংগ্রহ জোগাড় করতে।

তবে প্রথম সেমিফাইনালে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে টস। এবারের আসরে প্রায় প্রতিটি ম্যাচেই বেশ সাবলীলভাবে লক্ষ্য তাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে নিউজিল্যান্ডের চাওয়া থাকবে টস জিতে আগে বোলিং করা। এমনকি ইডেন গার্ডেন্সের আচরণও সেটাই বলে।

এ ম্যাচে সবচেয়ে বড় নিয়ামক হয়ে উঠতে পারেন পেসাররা। এবারের আসরে পেস বোলিংয়ে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের সাফল্যের ৭৬.৮ শতাংশ এসেছে পেসারদের হাত ধরে। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলাররা কিউইদের এনে দিয়েছে ৫২.১ শতাংশ সাফল্য। তবে কিউই পেসারদের পাশাপাশি স্পিনাররাও রেখেছেন দারুণ দাপট। এখন পর্যন্ত ছয় ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন কিউই স্পিনাররা। ফলে বলাই যায়, দক্ষিণ আফ্রিকার জন্য বল হাতেও বড় চ্যালেঞ্জ রাখছে নিউজিল্যান্ড।

গ্রুপ পর্ব ও সুপার এইটের বাধা পেরোতে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। একমাত্র বাধা ছিল ভারত; তাদের বিপক্ষেও পেয়েছে দাপুটে জয়। ফলে এটা স্পষ্ট যে, ফাইনালে ওঠার পথে নিউজিল্যান্ড হতে পারে প্রোটিয়াদের প্রধান বাধা। যদিও গ্রুপ পর্বে তাদের হারানোর আত্মবিশ্বাসকে সঙ্গী হিসেবে পাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয় এবারের সেমিফাইনালে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন