ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। শুধু শিরোপা নির্ধারণী ম্যাচেই নিজেদের নাম লেখেনি তারা, বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে রেকর্ড গড়ে জিতেছে। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে মোহাম্মদ রিজওয়ানরা (৩৫৫/৪)। রেকর্ড হয়েছে পার্টনারশিপেও। চতুর্থ উইকেটে ২৬০ রানের জুটি গড়ে মাইলফলকে পৌঁছান দুই ব্যাটার সালমান আগা (১৩৪*) ও রিজওয়ান (১২২)। এর ফলে ভেঙে গেছে ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের ২০৬ রানের পার্টনারশিপের পুরোনো রেকর্ড।
২৬০ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি হাঁকিয়েছেন রিজওয়ান ও সালমান। রিজওয়ান উপহার দেন ১২২ রানের হার-না মানা দুরন্ত এক ইনিংস। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডেতে এটাই তার প্রথম শতক। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েও আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি। অন্যদিকে ৩১তম ওয়ানডে খেলা সালমান খেলেছেন ১৩৪ রানের দাপুটে ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।
রেকর্ড ভাঙা-গড়া নিয়ে পাকিস্তান অধিনায়ক রিজওয়ান জানিয়ে রেখেছেন, ‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে।’ ৩৫০ ঊর্ধ্ব রানের লক্ষ্য টপকে জয় ছিনিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান ক্যাপ্টেন বলেন, ‘আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা সাড়ে তিনশতে নিয়ে গেছে। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।’
দাপুটে জয়ে দারুণ খুশি রিজওয়ান। তবে দলের কিছু কিছু জায়গায় অস্বস্তিও রয়েছে। এ নিয়ে রিজওয়ান বলেন, ‘আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি সেটা আমরা পারব। কারণ, চ্যাম্পিয়নস দলগুলো এভাবেই খেলে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

