ঢাকায় আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

স্পোর্টস রিপোর্টার

ঢাকায় আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উড়ছে ভারত, মালদ্বীপ, নেপাল, ইয়েমেন, আফগানিস্তান ও বাংলাদেশের পতাকা। আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ- এই ছয়টি দেশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো নিয়ে ১৩ জুন হবে সেমিফাইনাল। ১৪ জুন ফাইনাল। অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।
প্রতিযোগিতা উপলক্ষে দেশগুলো এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে। ভ্রমণক্লান্তির কারণে বেশিরভাগ দেশই মঙ্গলবার কোনো অনুশীলন করেনি। শুধু আফগানিস্তান পল্টনে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুশীলন করেছে। আজ বেলা ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...