বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ সুলিভান

বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ সুলিভান

বাংলাদেশের সঙ্গে রক্তের সম্পর্ক, আর সেই সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির ফুটবলপ্রেমীদের অকুণ্ঠ ভালোবাসা। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের কাছে এই সমর্থন বিশেষ এক অনুভূতির নাম। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে বাংলাদেশের ভক্তদের ভালোবাসায় মুগ্ধতার কথা জানিয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টের মন্তব্যের ঘরে নিয়মিত বাংলাদেশের পতাকা দেখতে পান কুইন। বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া, এই সমর্থন অবিশ্বাস্য। এত মানুষের ভালোবাসা এবং তাদের কোনো কিছুর অংশ হওয়ার আকাঙ্ক্ষাকে কখনোই হালকাভাবে নেন না তারা। বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে কুইন বলেন, ‘আমরা আপনাদের সবাইকে ভালোবাসি। এত বড় সমর্থন পাওয়া এবং এত মানুষ যখন চায় আপনি কোনো কিছুর অংশ হোন, তা সত্যিই খুব বিশেষ কিছু। অসাধারণ একটি ফ্যানবেজ।’

বিজ্ঞাপন

বাংলাদেশের সঙ্গে কুইনের পারিবারিক সংযোগের সূত্র তার নানি। কুইন জানান, তার নানি বাংলাদেশে জন্মেছেন, সেখানেই বেড়ে উঠেছেন এবং এখনো দেশেই বসবাস করছেন। পরে বাংলাদেশ থেকে বাইরে এসে তার নানার সঙ্গে পরিচয় হয় নানির। সেখান থেকেই পরিবারের এই শেকড়ের গল্প। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর হয়েছে সাম্প্রতিক সময়ে। নিজেদের পারিবারিক ঐতিহ্য সম্পর্কে তারা আরো জানছেন, আরো বেশি সম্পৃক্ত হচ্ছেন। বিশেষ করে কুইনের যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভানের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের ভালোবাসা সম্পর্কে সচেতনতা তৈরিতে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি।

কুইনের দুই ভাই ইতোমধ্যে বাংলাদেশের জার্সিতে খেলেছেন। বয়সভিত্তিক সাফের শিরোপাও জিতেছেন তারা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে রোনান ও ডেকলান পরিচিত মুখ হয়ে উঠেছেন। এবার তাদের ভাই কুইনও বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার কথা জানিয়ে বুঝিয়ে দিলেন, মাঠের দূরত্ব থাকলেও পারিবারিক শেকড় আর মানুষের আবেগের বন্ধন কতটা গভীর হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন