আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবির প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে তামিমের তদন্ত দাবি

স্পোর্টস রিপোর্টার

বিসিবির প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে তামিমের তদন্ত দাবি

আজ রোববার দুপুর বেলা হঠাৎ করেই জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এসে হাজির হলেন তামিম ইকবাল, সঙ্গে ঢাকার ক্রিকেটের কয়েকজন পরিচিত মুখের সংগঠক। এনএসসি নির্বাহী পরিচালকের সঙ্গে তারা এসে সাক্ষাৎ করেন। নেহাত সাক্ষাতের জন্য তারা আসেননি। এসেছিলেন বিসিবির গত বছরের নির্বাচন নিয়ে অভিযোগ জানাতে। বিসিবির প্রশ্নবিদ্ধ সেই নির্বাচন নিয়ে লিখিত অভিযোগ জানান তামিম ইকবাল। যে নির্বাচনে তিনি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সরে দাঁড়ান।

বিজ্ঞাপন

অভিযোগ আনেন, নির্বাচনে কাউন্সিরশিপ ঠিক করা নিয়ে বিসিবি ‘দুনম্বরি’ প্রক্রিয়া বেছে নিয়েছে। গঠনতন্ত্রের বাইরে গিয়ে ক্ষমতা খাটিয়ে নিজেদের পছন্দমতো ব্যক্তিকে এই নির্বাচনে কাউন্সিলর করা হয়েছে এমন অভিযোগ আনেন তামিম ও তার সঙ্গে সঙ্গী হয়ে থাকা ক্রিকেট সংগঠকরা। শেষমেশ একতরফা সেই নির্বাচনে আমিনুল ইসলামের একক প্যানেল জয়ী হয়ে বিসিবির ক্ষমতায় বসে।

প্রায় সাড়ে চার মাস পরে সেই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিম ইকবাল ও নির্বাচন বয়কট করা সংগঠকরা সরকারের কাছে অভিযোগ করলেন। এনএসসি থেকে বেরিয়ে তামিম ইকবাল সাংবাদিকদের জানান, বিসিবির নির্বাচন নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি করার জন্য ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি আমরা। আশা করছি জাতীয় ক্রীড়া পরিষদ যথাযথ ব্যবস্থা নেবেন। বিসিবির নির্বাচন নিয়ে ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টিই ক্লাবই এই অভিযোগ জানিয়েছে। বিসিবির নির্বাচন যে সঠিকভাবে হয়নি, সেটা প্রমাণ করার জন্য ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই একমত। আর এটাই এই অভিযোগের সত্যতার অনেক কিছুর প্রমাণ দিচ্ছে।

বিসিবির নির্বাচন নিয়ে অভিযোগ দাখিলের সময় তামিমের সঙ্গে ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু, লোকমান হোসেন ভূঁইয়া, মাসুদুজ্জামান, ফাহিম সিনহাও উপস্থিত ছিলেন। বিসিবির গত অক্টোবরের নির্বাচন এই ক্রিকেট সংগঠকরাও বয়কট করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...