প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আজ ‘আয়রনম্যান’ খ্যাত অ্যাথলেট ফেরদৌসি আক্তার মারিয়াকে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার ও স্থায়ী স্পন্সরশিপ দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় ব্যয়ভার বহনের জন্য একটি দীর্ঘমেয়াদি স্পন্সরশিপ নিশ্চিত করা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশেই মেধাবী অ্যাথলেটদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন, মারিয়ার মতো দেশের অন্য প্রতিভাবান খেলোয়াড়দেরও পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশে খেলাধুলার সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
মারিয়ার সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলায় অংশগ্রহণে নতুন করে অনুপ্রাণিত করবে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। পুরস্কার পাওয়ার পর ফেরদৌসি আক্তার মারিয়া প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের জন্য আরো বড় সাফল্য বয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

