ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ পেছাল বাংলাদেশ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ পেছাল বাংলাদেশ

ওয়ানডে সংস্করণে বাজে সময় পার করছে বাংলাদেশ। এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি প্রকাশিত সবশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। একধাপ পিছিয়ে দশে অবস্থান করছে তারা।

সবশেষ দুটি ওয়ানডে সিরিজ ভালো যায়নি বাংলাদেশের। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণের সিরিজ হারে দলটি। এরপর পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে খালি হাতে ফিরেছে- কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

বিজ্ঞাপন

এমন পারফরম্যান্সের কারণে ওয়ানডেতে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ১০ নেমে যাওয়া দলটির নামের পাশে আছে ৭৬ পয়েন্ট। বাংলাদেশের অবনতি হওয়ায় নয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে অবনতি হলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। অস্ট্রেলিয়া তিনে নেমে যাওয়ায় দুইয়ে উঠে এসেছে নিউজিল্যান্ড। চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। সেরা আটের বাকি দলগুলো হলো পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন