চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিশ্বকাপ বিদায়ের পর নতুন এক বিতর্কে সরগরম ইউরোপীয় ফুটবল। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হারের পর জার্মান সংবাদমাধ্যম বিল্ড দাবি করেছে, সাডেন-ডেথে গড়ানো টাইব্রেকারের সময় জাতীয় দলের চার ফুটবলার পেনাল্টি নিতে অনীহা প্রকাশ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, অভিজ্ঞ মিডফিল্ডার লিওন গোরেৎজকা, ডিফেন্ডার ওয়ালডেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন এবং মালিক থিয়াও আত্মবিশ্বাসের অভাবে পেনাল্টি নিতে এগিয়ে আসেননি। এমনকি অধিনায়ক জোশুয়া কিমিখ নাকি গোরেৎজকাকে দু’বার অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি সম্মতি দেননি।

শেষ পর্যন্ত দায়িত্ব নেন জনাথন তাহ। পেশাদার ক্যারিয়ারে কখনও টাইব্রেকারে শট না নেওয়া এই ডিফেন্ডারের প্রচেষ্টা অনেক ওপরে চলে যায়। এরপর হোসে কানালে গোল করে প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে জিতিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেন।

তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত জার্মান ফুটবল ফেডারেশন , কোচ জুলিয়ান নাগেলসম্যান কিংবা সংশ্লিষ্ট কোনো খেলোয়াড়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে জার্মানির টানা তৃতীয় বিশ্বকাপ ব্যর্থতার পর দলের মানসিক প্রস্তুতি, নেতৃত্ব এবং চাপ সামলানোর সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন