অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের পর নিশ্চিত হয়েছে ‘বি’ গ্রুপ থেকে কারা খেলবে সেমিফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সেসব চিন্তা মাথায় আনছে না দক্ষিণ আফ্রিকা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে প্রোটিয়াদের চাওয়া শুধুমাত্র জয়। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের সময়টা ভালো না কাটলেও তাদের ছোট করে দেখছে না দক্ষিণ আফ্রিকা। বরং অতীত ইতিহাস মনে রেখে সতর্ক থেকে জয় নিশ্চিত করতে চায় তারা।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকা পেয়েছে দারুণ সুখবর। ইনজুরির কারণে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামতে পারেননি হেনরিখ ক্লাসেন। ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবারের মতো মাঠে নামবেন এই ব্যাটার। তার ফেরত আসা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে প্রোটিয়াদের ডেরায়। বিষয়টি নিয়ে প্রোটিয়া কোচ রব ওয়াল্টার বলেন, ‘অবশ্যই তার স্কিল এই মুহূর্তে আমাদের দরকার। আমার মনে হয়- সে এই মুহূর্তে মিডল অর্ডারে বিশ্বের সেরা। কেউ মনে হয় না এটা অস্বীকার করবে। তাকে ফেরত পাওয়াটা আমাদের জন্য খুবই খুশির ব্যাপার। আমরা জানি নিজের দিনে সে কতটা আক্রমণাত্মক হতে পারে।’
হেনরিখ ক্লাসেনকে ফেরত পাওয়ার দিনে দলটির আরেক ক্রিকেটার রসি ফন ডার ডুসেন জানিয়ে দিয়েছেন এটাই হবে তার শেষ আইসিসি টুর্নামেন্ট। আপাতত তার ভাবনা নিয়ে কোনো চিন্তা করছেন না ওয়াল্টার। বরং, এই টুর্নামেন্ট তার কাছ থেকে সেরাটা চান। অন্যদিকে ইংল্যান্ডের এমন বাজে পারফরম্যান্সের পরও তাদের ছোট করে দেখতে চান না। তার বিশ্বাস, ইংল্যান্ড যে কোনো মুহূর্তে ফর্মে ফিরতে পারে। তার কথায়, ‘আমি বুঝেছি, কখনোই কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। আমার মনে হয় সেখানে (ইংল্যান্ড) দারুণ কিছু মানুষ আছে। তারা ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন। এই কারণেই তারা যে কোনো মুহূর্তে সাফল্যের পথ খুঁজে পেতে পারে।’
এই দিকে টানা দুই হারে এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ইংলিশদের জন্য পরিণত হয়েছে শুধু আনুষ্ঠানিকতার। এই ম্যাচের আগে ইংলিশ অধিনায়ক জস বাটলার জানিয়ে দেন, এই ম্যাচের পর আর ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন না। দলের ব্যর্থতার দায় মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সরে গেছেন তিনি। নেতৃত্ব ছেড়ে দেওয়ার সময় বাটলার বলেন, ‘এটাই নেতৃত্ব ছাড়ার জন্য আমার ও দলের জন্য এটাই সেরা সময়।’ অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ জয়ের জন্য তার দল মাঠে নামবে বলেও জানান তিনি। শেষ পর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

