আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপে দলের ‘বোঝা’ হতে চান না মেসি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে দলের ‘বোঝা’ হতে চান না মেসি

সময় যতই গড়াচ্ছে, ততই জোরালো হচ্ছে ২০২৬ বিশ্বকাপের দামামা। আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে লিওনেল মেসিকে নিয়ে ভাবনা। মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপে? এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলেও সবশেষ নিজের ইচ্ছা জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, পরের বিশ্বকাপে তিনি দলের বোঝা হতে চান না।

বিজ্ঞাপন

মেসির বর্তমান ফর্ম দুর্দান্ত। ক্লাবের হয়ে প্রতি ম্যাচেই নিজেকে চেনাচ্ছেন ইন্টার মিয়ামি তারকা। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছরের ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত ফিটনেস থাকবে কি না সেটাই বড় প্রশ্ন। বিশ্বকাপে খেলার ইচ্ছা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি কিংবদন্তি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও দলের বোঝা অন্তত হতে চান না জানিয়ে মেসি বলেন, ‘যেটা বলেছি, আমি বোঝা হতে চাই না। দলকে সাহায্য করতে পারব, অবদান রাখতে পারব—এটা নিশ্চিত হতে শারীরিকভাবে ফিট হতে চাই।’

ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনার হয়ে চলতি বছর ৫০ ম্যাচে ৪৪ গোল করার পাশাপাশি ২১ গোল করিয়েছেন মেসি। ফর্মের চূড়ায় থাকা মেসি অবশ্য জাতীয় দলের হিসাবটা মৌসুম ধরে করছেন না। তিনি ম্যাচ ধরে এগোতে চান, ‘ইউরোপের তুলনায় আমাদের মৌসুম (এমএলএস) আলাদা। আমরা এর মাঝখানে প্রাক্‌–মৌসুম পাব, বিশ্বকাপের আগে কিছু ম্যাচ খেলার সুযোগ আছে। দিন ধরে ধরে এগোচ্ছি। দেখা যাক যেখানে থাকতে চাই, সেখানে যেতে শারীরিকভাবে ফিট হয়ে উঠতে পারি কি না।’

এদিকে, কয়েকদিন আগেই অগোচরে বার্সেলোনায় গিয়ে ঘুরে এসেছেন মেসি। কেন এই ঘুরতে আসা? এই প্রশ্নের উত্তরে নিজের এক ইনস্টাগ্রাম পোস্টে দিয়েছেন সাবেক বার্সা তারকা। সুপ্ত বাসনার কথা জানিয়ে মেসির লেখেন, ‘বার্সেলোনাকে খুব মিস করি। আমরা (স্ত্রী-সন্তান) আবার সেখানে বসবাস করতে চাই। ভেবেছিলাম, ইউরোপে পুরো ক্যারিয়ারটাই বার্সেলোনার জার্সিতে কাটাব।’ কিন্তু বাস্তবতা মেসিকে ভিন্ন পথে নিয়ে গেছে। চোখের জলে অভিমান ও হতাশা নিয়েই ২০২১ সালে বার্সা ছাড়তে হয়েছিল তাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন