বিশ্বকাপজয়ী দে লা ফুয়েন্তেকে ২০৩০ পর্যন্ত রাখতে চায় স্পেন

বিশ্বকাপজয়ী দে লা ফুয়েন্তেকে ২০৩০ পর্যন্ত রাখতে চায় স্পেন

বিশ্বকাপ জয়ের পর কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপর আস্থা আরও বাড়িয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকা ৬৫ বছর বয়সী এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের ডাগআউটে রাখতে চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন।

বিজ্ঞাপন

আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমার মনে হয় লুইস এটা পাওয়ার যোগ্য এবং আমরা এটা নিয়েই কাজ করছি। তার চুক্তিটি ২০২৮ সাল পর্যন্ত আছে, তবে আমরা এখন থেকেই কাজ শুরু করেছি যেন এটি ২০৩০ সাল বা তার কাছাকাছি সময় পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। ২০৩০-এর বিশ্বমঞ্চে তার থাকাটা অত্যন্ত জরুরি।’

দে লা ফুয়েন্তের নেতৃত্বে পাওয়া সাফল্যের প্রশংসা করে লুজান আরও বলেন, ‘তার বিনয়ী আচরণ এবং কঠোর পরিশ্রমের ক্ষমতাই আমাদের এই ঐতিহাসিক সাফল্যের মুখে দাঁড় করিয়েছে।’

পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। নিজেদের মাটিতে বিশ্বকাপের ফাইনাল আয়োজনেরও জোর চেষ্টা চালাচ্ছে দেশটি।

বিশ্বকাপের সাফল্যের পর এবার নতুন মৌসুমের দিকে নজর দে লা ফুয়েন্তের। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই তাঁর লক্ষ্য। আগামী মাসে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউয়েফা নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্পেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন