অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে আগামীকাল বুধবার উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের। তবে দল রওনা দেওয়ার ঠিক আগের দিনই এক বড় সিদ্ধান্তে ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

তার অনুপস্থিতিতে আপাতত দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

গত কিছুদিন ধরেই জাতীয় অনূর্ধ্ব-২০ দলের সফর ও ক্যাম্পকে ঘিরে তীব্র নাটকীয়তা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ড্রেসিংরুম ও ক্যাম্পের অভ্যন্তরীণ কোন্দল, থানা-পুলিশ পর্যন্ত গড়ানো ঝামেলা এবং কোচের নানা বিতর্কিত ভূমিকার কারণে দলজুড়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। বাফুফের সঙ্গে জোন্সের সম্পর্কেরও অবনতি ঘটে।

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে শেষ মুহূর্তে জেরার্ড জোন্সের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। ফলে প্রধান কোচকে ছাড়াই এক প্রকার অনিশ্চয়তা ও পরিবর্তিত পরিস্থিতিতে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তান পাড়ি দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

টুর্নামেন্টটি সামনে রেখে আজ বিকাল ৪টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনটি নির্ধারিত সময়ে হচ্ছে না। সংবাদ সম্মেলন আয়োজনের সময় পরে জানিয়ে দেওয়া হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বাফুফে। এতেই কোচ জোন্সের বরখাস্তের খবর নিয়ে চলছে নানা আলোচনা।

যশোরের ক্যাম্প চলাকালে বকেয়া বেতন ও নিরাপত্তার অভাব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ছিলেন জোন্স। এরপর ঢাকায় টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে ডাকেন পুলিশ। সর্বশেষ গতকাল ফেসবুক লাইভে এসে শারীরিক আক্রমণের শিকার হওয়া এবং মারাত্মক নিরাপত্তার অভাব নিয়ে বিস্ফোরক সব দাবি করেন এই ব্রিটিশ কোচ।

আগামী ৩১ আগস্ট হতে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ, ভারত, উজবেকিস্তান ও সিরিয়ার অংশগ্রহণে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা হবে উজবেকিস্তানে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন