অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ডেভিড ব্রেভিস। ফিফটি করে ম্যাচ জেতান গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ২-১ ব্যবধানে সিরিজ জয়ের ম্যাচে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন দুই দলের দুজন।
ম্যাচে মাত্র ২২ বলে ফিফটি করেছেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যা টি-টোয়েন্টিতে দ্রুততম। এই সিরিজেই দ্বিতীয় ম্যাচে ব্রেভিস ২৫ বলে ফিফটি করে এই রেকর্ডের ভাগীদার ছিলেন। সেটাই ভাঙলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে দ্রুততম ফিফটিও এটি। এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের রবি বোপারার (২৩ বল)। তিন ব্রেভিসের ছক্কা ১৪টি। তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে অজিদের বিপক্ষে যা সর্বোচ্চ। এতদিন ১০ ম্যাচে ১২ ছক্কা নিয়ে রেকর্ডটির মালিক ছিলেন ভারতীয় তারকা বিরাট কোহলি।
এদিকে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে নন উইকেটকিপার (উইকেটকিপার নয় এমন) হিসেবে সর্বোচ্চ ক্যাচ ৬২টি নেওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন ম্যাক্সওয়েল। ৬২টি ক্যাচ ধরে এতদিন এই রেকর্ডের একক মালিক ছিলেন ডেভিড ওয়ার্নার। এই তালিকায় অ্যারন ফিঞ্চ ৫০ ও স্টিভেন স্মিথ ৪১টি ক্যাচ নিয়ে যথাক্রমে দুই ও তিনে আছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন ম্যাক্সওয়েল। ১২৪ ম্যাচে তার ছক্কা ১৪৮টি। তিনি ছাড়িয়ে গেছেন ভারতের সূর্যকুমার যাদবকে। ম্যাক্সওয়েলের সামনে আছেন রোহিত শর্মা (২০৫), মার্টিন গাপটিল (১৭৩), মোহাম্মদ ওয়াসিম (১৬৮), জস বাটলার (১৬০) ও নিকোলাস পুরান (১৪৯)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

