প্রিমিয়ার লিগের দলবদল

আবাহনী দলে ২ বিদেশি, চমক দিলো কিংস

আবাহনী দলে ২ বিদেশি, চমক দিলো কিংস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে বিদেশি ফুটবলারদের ছাড়াই দারুণ খেলেছে আবাহনী লিমিটেড। তবে মধ্যবর্তী দলবদলে শক্তি আরো বাড়াল দলটি। দুজন বিদেশি ফুটবলারের নাম নিবন্ধন করেছে আবাহনী। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগুস্তো সান্তোস দি সিলভা ও নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবাহকে দলে নিলে ক্লাবটি। তবে এই মধ্যবর্তী দলবদলে চমক দিয়েছে বসুন্ধরা কিংস। ইংলিশ লিগের দল লিভারপুল ও স্প্যানিশ লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলারকে দলে টানল তারা। নতুন করে তিনজন বিদেশি দলে নেয় কিংস। এর মধ্যে আর্জেন্টিনা ফরোয়ার্ড হুয়ান এদুয়ার্দো লেসকানো হলেন চমক। এই ফুটবলার একসময় লিভারপুল ও রিয়ালের যুব দলে খেলেছেন। এ ছাড়া ব্রাজিলের দাসিয়েল এলিস দস সান্তোস ও ঘানার ফরোয়ার্ড ইভান্স এট্টিকে দলে নেয় কিংস। অন্যদিকে, লিগের প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডানও দল শক্ত করেছে। তারা দলে নেয় ভেনিজুয়েলার ফরোয়ার্ড এদুয়ার্দ মোরিওকে। অভিজ্ঞ আসরোর গফুরভকে আবার দলে যোগ দিয়েছেন। অন্যদিকে, পয়েন্ট টেবিলের নিচের সারিতে থাকা চট্টগ্রাম আবাহনীও শক্তি বাড়াল। তারা দলে নিয়েছে প্যারাগুয়ের ফুটবলার উইলসন মেদিনাকে।

প্রিমিয়ার লিগে দশম রাউন্ডের খেলা শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। মোহামেডান। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আপাতত বাংলাদেশ জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে বন্ধ রয়েছে লিগের খেলা। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলার পর আবার লিগের খেলা শুরু হবে। অর্থাৎ আগামী এপ্রিল ছাড়া লিগের খেলা মাঠে গড়ানোর সুযোগ নেই।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন