বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

নেপালকে উড়িয়ে মিশন শুরু বাংলাদেশের

নেপালকে উড়িয়ে মিশন শুরু বাংলাদেশের

ঘরের মাঠে দুর্দান্ত ও দাপুটে জয়ে আন্তর্জাতিক হ্যান্ডবল অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। আজ রাজধানী ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি-২০২৬ এশিয়া জোন-২’-এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

তার আগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনে রাজধানী ঢাকায় পর্দা উঠেছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র। বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার জাতির এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই স্প্যানিশ কোচ আনা আলোনসোর শিষ্যরা আক্রমণাত্মক ও কৌশলী খেলার পসরা সাজায়। প্রথমার্ধে নেপাল কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও স্বাগতিকদের ধারালো আক্রমণের সামনে তা টেকেনি। ফলে ১৩-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরো বাড়িয়ে নেপালকে সম্পূর্ণ কোণঠাসা করে ফেলে স্বাগতিক দল। শেষ পর্যন্ত ১৩ গোলের বিশাল ব্যবধান বজায় রেখে মাঠ ছাড়ে আলপনা-মিষ্টিরা।

বাংলাদেশের এই বড় জয়ে মূল কারিগর ছিলেন আলপনা আক্তার। একক নৈপুণ্যে চমৎকার খেলে সর্বোচ্চ ৭ গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তার সঙ্গে আক্রমণে গতি ধরে রাখা মিষ্টি খাতুন ও শ্যামলী মিং—দুজনে দলের হয়ে ৬ করে গোল করেন।

1000027347

এছাড়া অধিনায়ক ইসমেতারা নিশি ৫ এবং সায়মা জান্নাত সীমা ৪ গোলের দেখা পান। দলের বড় জয়ে ভূমিকা রেখে মাসুদা আক্তার ২টি এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা প্রত্যেকে ১টি করে গোল করেন।

চার দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের তেতো স্মৃতি পেছনে ফেলে এই তৃপ্তিদায়ক জয় ফাইনালে ওঠার দৌড়ে স্বাগতিক বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। দ্বিতীয় ম্যাচে আগামীকাল শক্তিশালী পরাশক্তি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন