আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়ের লঙ্কা বধ

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়ের লঙ্কা বধ

পাথুম নিশাঙ্কার হাফ সেঞ্চুরির জবাবটা দারুণভাবে দিয়েছেন ব্রায়ান বেনেট। নিশাঙ্কার রেকর্ড হাফ সেঞ্চুরির দিনে বেনেট নিশ্চিত করে দেন জিম্বাবুয়ের জয়। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় তারা। তাতে গ্রুপসেরা হয়ে সুপার এইটে পা রাখল রোডেশিয়ানরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনো ম্যাচেই হারেনি সিকান্দার রাজার দল।

শেষ দুই ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ১৩ রান। তখনও হাতে ছিল ৮ উইকেট। তবে তখনই খানিকটা ধাক্কা খায় রোডেশিয়ানরা। ১৯তম ওভারে হারিয়ে বসে দুই উইকেট। এ সময় খানিকটা বিপদে পড়ে জিম্বাবুয়ে। তাতে বাড়ে রান-বলের ব্যবধান। জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ছিল ৭ বলে ১০ রান। ২০তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জয়ের পথ সহজ করে দেন টিনো মুনোয়াঙ্গা। তাতে শেষ পাঁচ বলে জয়ের জন্য দরকার ছিল ২ রান। পরে শেষ ওভারের তৃতীয় বলে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করে দেন ব্রায়ান বেনেট।

বিজ্ঞাপন

তাতে ৬ উইকেটের জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট অপরাজিত ছিলেন ৪৮ বলে ৬৩ রান করে। ১৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা বেনেট হাঁকান ৮ চার। খানিকটা ধীরগতিতে এগোলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বেনেট। তার দারুণ ব্যাটিংয়ের দিনে ব্যাট হাতে ঝড় তোলেন সিকান্দার রাজা। ২৬ বলে তিনি করেন ৪৫ রান। তার ইনিংসে ছিল দুই চার ও চার ছক্কা। এছাড়া রায়ান বার্ল ১২ বলে ২৫ রানের এক ক্যামিও খেলেন। তিনি হাঁকান দুই চার ও এক ছক্কা। শ্রীলঙ্কার হয়ে দুশন হেমন্ত ৩৬ রানে নেন দুই উইকেট।

জিম্বাবুয়ে যখন দারুণ ব্যাট করেছে, তখন লঙ্কানরাও পিছিয়ে ছিলেন না ব্যাটিংয়ে। বরাবরের মতো উড়ন্ত সূচনা এনে দেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ৫ ওভারে ৫৪ রান তোলেন তারা দুজনে মিলে। পেরেরা ১৪ বলে ২২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। পাথুম নিশাঙ্কা ৪১ বলে করেন ৬২ রান। এছাড়া পাভান রত্নানায়েকে ২৫ বলে ৪৪ রান করেন। তাতে ৭ উইকেটে ১৭৮ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। দারুণ ব্যাটিং করা পাথুম নিশাঙ্কা ৬২ রানের ইনিংস খেলার পথে হয়েছেন শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া লঙ্কানদের পক্ষে সবচেয়ে বেশি ২১টি ফিফটি প্লাস ইনিংস খেলার রেকর্ডও তার দখলে।

জিম্বাবুয়ের হয়ে গ্রায়েম ক্রেমার ও ব্রাড ইভান্স দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ১৭৮/৭, ২০ ওভার (নিশাঙ্কা ৬২, রত্নানায়েকে ৪৪, ক্রেমার ২/২৭)

জিম্বাবুয়ে : ১৮২/৪, ১৯.৩ ওভার (বেনেট ৬৩*, রাজা ৪৫, হেমন্ত ২/৩৬)

ফলাফল : জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : সিকান্দার রাজা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন