গ্রুপপর্বে দারুণ দাপট দেখিয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইট নিশ্চিত করেও অবশ্য কমেনি দলটির পারফরম্যান্সের ধার। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইতালিকে হারিয়েছে ৪২ রানের বড় ব্যবধানে। তাতে চার ম্যাচের চারটিই জিতে সুপার এইটে উঠেছে ক্যারিবিয়ানরা।
গতকাল কলকাতায় আগে ব্যাট করতে নেমে শাই হোপের ৭৫ এবং রোস্টন চেজ ও শেরফন রাদারফোর্ডের ২৪ রানের ইনিংসে ভর করে ১৬৫ রানে থামে উইন্ডিজের ইনিংস। ৪৬ বলে ৭৫ রান করা হোপ হাঁকান ৬ চার ও ৪ ছক্কা। এছাড়া শেষদিকে ঝড় তোলা রাদারফোর্ড ১৫ বলে ২৪ রান করার পথে হাঁকান দুটি চার ও এক ছক্কা।
ইতালির হয়ে বেন মেনেত্তি ও ক্রিশান কালুগামাগে দুটি করে উইকেট নেন।
জবাবে ১২৩ রানে থামে ইতালির ইনিংস। দলটির ২৬ রান আসে বেন মেনেত্তির ব্যাট থেকে। এছাড়া ২৪ রান করেন জেজে স্মিটস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ ৩০ রানে নেন ৪ উইকেট। তাতেই মূলত জয়হীন টুর্নামেন্ট কাটিয়ে ঘরে ফিরতে হলো ইতালিকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

