ত্রিদেশীয় টুর্নামেন্টে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া

পূর্ণ তিন পয়েন্ট চান আফঈদারা

পূর্ণ তিন পয়েন্ট চান আফঈদারা

জর্ডানের আম্মানে আজ ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এ ম্যাচ। ফিফা র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য আফঈদারা। নারী দলের টিম ম্যানেজার মাহমুদা আক্তার জানান, দল ভালো প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের সমস্যা নেই। ভালো একটি ম্যাচ উপহার দিতে চান মেয়েরা। ইন্দোনেশিয়ার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট অর্জনের লক্ষ্য তাদের।

সাবিনা খাতুনসহ সাফ জয়ী পাঁচ কৃতী খেলোয়াড়কে দলে নেননি কোচ পিটার বাটলার। তবে সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলা দলটির চেয়ে এবার স্কোয়াড শক্তিশালী। বিদ্রোহ করা ৯ সিনিয়র ফুটবলারকে দলে নিয়েছেন কোচ। মাহমুদা জানান, এতে দলের শক্তি বেড়েছে। দলের কম্বিনেশন খুবই ভালো। আশা করা হচ্ছে, বর্তমান দলটি ভালো কিছুই উপহার দেবে।

বিজ্ঞাপন

সাবিনার জায়গায় বাংলাদেশ নারী দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফেঈদা খন্দকার। তিনি বলেন, ‘আমরা অনেক দিন আগেই এখানে এসেছি (জর্ডানে), যাতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারি। সেভাবেই আমরা প্র্যাকটিস করেছি। কোচের নির্দেশনা মতেই আমরা প্র্যাকটিস করি। কাল (আজ) আমাদের প্রথম ম্যাচ। অনেক দিন ধরে আমরা কষ্ট করছি। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে।’

আগামী মাসে মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা রয়েছে। এরপর আগামী ২৩ জুন শুরু হবে এশিয়ান কাপ। এ দুটি টুর্নামেন্ট সামনে রেখে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলছে নারী ফুটবল দল। ইন্দোনেশিয়ার পর আগামী ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন