ইংল্যান্ডের চুরি হওয়া কিট উদ্ধার

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের চুরি হওয়া কিট উদ্ধার

বিশ্বকাপের মহোৎসব শুরুর আগেই বড়সড় এক অনাকাঙ্ক্ষিত বিপত্তির মুখে পড়েছিল ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলটির বেস ক্যাম্পে চুরির ঘটনা ঘটে, যেখানে ইংলিশ খেলোয়াড়দের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ ও ট্রেনিং সরঞ্জাম খোয়া যায়। তবে স্বস্তির বিষয় হলো, স্থানীয় পুলিশের দ্রুত ও জোরালো তৎপরতায় চুরি হওয়া সমস্ত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটে কানসাস সিটির ‘সোয়োপ সকার ভিলেজ’-এ, যা এবারের বিশ্বকাপে থ্রি লায়ন্সদের অফিসিয়াল ট্রেনিং বেস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তদন্ত সূত্রে জানা গেছে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) লজিস্টিকস টিম যখন ভ্যান থেকে মালামাল নামিয়ে ক্যাম্পে তুলছিল, ঠিক তখনই সুযোগ বুঝে দুর্বৃত্তরা হানা দেয়। তারা ভ্যান থেকে ফুটবল বুট, স্পোর্টস সু এবং জাতীয় দলের বেশ কিছু জার্সি নিয়ে চম্পট দেয়। দলের অন্যতম প্রধান সরঞ্জামগুলো এভাবে চুরি হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে ইংলিশ শিবিরে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল।

ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে জড়িত দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিরা হলেন— মোস্তফা সালিক ও এরফান কামাল।

জ্যাকসন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলেসা জনসন জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে চুরি হওয়া মালামাল অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখার দায়ে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। মিসৌরির কঠোর আইন অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ, যার শাস্তি হিসেবে আসামিদের এক থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে ৪ জোড়া বিশেষ ফুটবল বুট ও ৫ জোড়া জুতো, প্রায় ৫,০০০ মার্কিন ডলার মূল্যের ৩টি অটোগ্রাফযুক্ত জার্সি, ১টি অফিসিয়াল বিশ্বকাপ ফুটবল ও বিভিন্ন ট্রেনিং কিট। খেলোয়াড়দের বেশ কিছু ব্যক্তিগত সরঞ্জাম এবং একটি লেগো সেট।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে কোচ টমাস টুখেলের শিষ্যদের। হাইভোল্টেজ এই ম্যাচের আগে সরঞ্জাম চুরির ঘটনায় কিছুটা মানসিক অস্বস্তি তৈরি হলেও, সবকিছু অক্ষত অবস্থায় ফেরত পাওয়ায় স্বস্তি ফিরেছে ইংলিশ শিবিরে।

এর আগে ফ্লোরিডায় ১০ দিনের প্রস্তুতি পর্বে দারুণ ছন্দে ছিল হ্যারি কেইন-জুড বেলিংহামরা। সেখানে নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে জয় পাওয়ার পাশাপাশি মিয়ামি এফসিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। মাঠের বাইরের এই ছোটখাটো ঝড় সামলে নিয়ে, এখন মাঠের মূল লড়াইয়ে পূর্ণ মনোযোগ দিতে আর কোনো বাধা রইল না সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সামনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...