পিরোজপুরের জিয়ানগরে ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ ওই ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পশারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন আব্দুল্লাহ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পারেরহাট মৎস্য বন্দর এলাকায় দুর্ঘটনায় ডুবে থাকা এমভি গ্রীন এসট্রল-১ নামের একটি জাহাজের পাশে একটি ডিঙ্গি নৌকায় আব্দুল্লাহর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়ির ওপর মোবাইল ফোন দেখতে পান তার বড় ভাই রানা পশারী। পরে ১৩ জুন তিনি জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের বড় ভাই রানা পশারী বলেন, ‘তিন দিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। থানায় জিডিও করেছিলাম। সে ওই জাহাজের কাছে কেন এবং কীভাবে গিয়েছিল তা আমরা জানি না। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।’
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে আব্দুল্লাহকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে চিঠি দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে ডুবে থাকা জাহাজের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

