চ্যাম্পিয়নস লিগে দারুণ এক রাত পার করেছে ইউরোপীয় জায়ান্ট দলগুলো। স্পেন, ইংল্যান্ড ও জার্মানির শীর্ষ ক্লাবগুলো জয় পেয়েছে। বার্সেলোনা, লিভারপুল ও বায়ার্নের পাশাপাশি জয়ের ছোঁয়া পেয়েছে চেলসি, জুভেন্টাস ও নিউক্যাসল। মার্শেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ইউনিয়ন সাঁ-জিলোয়ার বিপক্ষে ২-০ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। স্লাভিয়া প্রাহার বিপক্ষে জিতেছে বার্সেলোনা। একই ধারায় চলেছে চেলসি, জুভেন্টাস ও নিউক্যাসল।
প্রিমিয়ার লিগে লিভারপুলের সময়টা ভালো যাচ্ছে না। তবে শেষদিকে এসে তারা ছন্দ ফিরে পেয়েছে। সেটার ধারাবাহিকতা ধরে রেখেছে চ্যাম্পিয়নস লিগেও। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুল এখন টানা ১৩ ম্যাচ অপরাজিত। ধারাবাহিকতা ধরে ইউরোপে সেরার আসরে সপ্তম ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্না স্লটের দল। ‘অল রেড’দের জয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন দমিনিক সোবোসলাই। দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলের তিন নম্বর গোলটি করেন কোডি গাকপো। এ জয়ে লিভারপুল ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বর থেকে উঠে এসেছে ৪ নম্বরে। লিভারপুলের পরের ম্যাচের প্রতিপক্ষ কারাবাগ। ম্যাচটি জিততে পারলে শেষ ষোলোর টিকিটও নিশ্চিত হবে তাদের।
একই রাতে জয় পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্লাভিয়া প্রাহার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটে ভাসিল কুসেইয়ের গোলে এগিয়ে যায় প্রাহা। এরপর ৩৪ ও ৪২ মিনিটে জোড়া গোল করে বার্সাকে ম্যাচে ফেরান ফেরমিন লোপেজ। তবে প্রথমার্ধের বিরতির আগে রবার্ট লেভানডোভস্কি আত্মঘাতী গোলে স্বাগতিকদের সমতার সুযোগ করে দেন। বিরতির পর অবশ্য স্বাগতিকদের আর কোনো সুযোগ দেয়নি বার্সা। দানি অলমো ও লেভার গোলে নিশ্চিত হয় ৪-২ গোলের জয়। এই জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বার্সা আছে নবম স্থানে। আগামী সপ্তাহে লিগ পর্বে শেষ ম্যাচে ঘরের মাঠে কোপেনহেগেনের মুখোমুখি হবে বার্সা। জিতলে শীর্ষ আট নিশ্চিত।
জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নও দারুণ জয় পেয়েছে। ১০ জনের দল নিয়েও ইউনিয়ন সাঁ-জিলোয়ার বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছে ভিনসেন্টের কোম্পানির দল। ম্যাচে পেনাল্টি মিস করে হ্যাটট্রিক মিস করলেও জোড়া গোল করেছেন হ্যারি কেইন। পাশাপাশি এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোও নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় ভিনসেন্ট কোম্পানির দল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে বায়ার্ন পিছিয়ে তিন পয়েন্টে। শেষ ম্যাচের ফল যা-ই হোক না কেন, শীর্ষ আটের বাইরে যাওয়ার সুযোগ নেই বায়ার্নের।
অন্যদিকে, একই রাতে জয়ের আনন্দে মেতেছে নিউক্যাসল, চেলসি ও জুভেন্টাস। সেন্ট জেমস পার্কে পিএসভিকে ৩-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এই জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাতে আছে নিউক্যাসল। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। সাইপ্রাসের পাফোসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ৭৮ মিনিটে একমাত্র গোলটি করেন মোইসেস কাইসেদো। আটে থাকা চেলসির পয়েন্ট ৭ ম্যাচে ১৩। বেনফিকার বিপক্ষে ২-০ গোলে জিতেও সুবিধাজনক অবস্থানে নেই সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাস। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫ নম্বরে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

