সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে নাভিদ নেওয়াজ ও যুব দলের অন্যান্য কোচিং স্টাফের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ নতুন করে বাড়াতে ইচ্ছুক নয় বিসিবি। ফলে নতুন কোচের খোঁজ শুরু করেছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। মূলত যুব বিশ্বকাপে সাফল্য না পাওয়ায় নতুন কোচের খোঁজ শুরু করেছে। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নতুন কোচের সন্ধানে থাকা বিসিবি সূত্র দৈনিক আমার দেশকে জানায়, এবার কোচ নিয়োগের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান কাউকে পাওয়া যায় কি না, সে ব্যাপারে খোঁজ রাখা হচ্ছে। সূত্রটি আরো জানায়, নতুন কোচ নিয়োগে সহায়তা করছেন সাবেক প্রধান কোচ নাভিদ নেওয়াজও। পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এ দায়িত্ব পালন করছেন। কবে নাগাদ নতুন কোচ যুব দলের সঙ্গে কাজ শুরু করবেন, সে ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০২০ সালে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর দুবার এশিয়া কাপের শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিশ্বকাপে আর কোনো সাফল্য আসেনি। নতুন সাফল্যের খোঁজে এখন নতুন কোচের কাঁধে দিতে চায় দায়িত্ব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

