আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামের কোন উপজেলা কত কার্টন খেজুর পেল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কোন উপজেলা কত কার্টন খেজুর পেল

সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুরের বরাদ্দ ও বণ্টন নিয়ে সারা দেশে আলোচনা শুরু হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার এই বক্তব্যের পরপরই দেশের বিভিন্ন জেলা ও উপজেলার খেজুর বরাদ্দের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। কোথায় কত কার্টন খেজুর দেওয়া হয়েছে—এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বাড়ে এবং বণ্টনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। এবার চট্টগ্রামের কোন উপজেলা কত কার্টন খেজুর পেল সেই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে বাংলাদেশকে মোট ১২ হাজার ২৫০ কার্টন খেজুর উপহার দেওয়া হয়। পরে এসব খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দেয় সরকার। এ-সংক্রান্ত একটি সংশোধিত আদেশ গত ৫ মার্চ জারি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যা জেলা প্রশাসকদের মাধ্যমে বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জনসংখ্যা ও ইউনিয়নের সংখ্যা বিবেচনা করে খেজুরের বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে চট্টগ্রাম জেলায় মোট ৫০০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার। তিনি জানান, জেলার ১৫টি উপজেলায় এসব খেজুর বণ্টন করা হয়েছে। এর মধ্যে ফটিকছড়িতে ৩৯ কার্টন, আনোয়ারায় ২৫ কার্টন, হাটহাজারীতে ৩৫ কার্টন, পটিয়ায় ৩৭ কার্টন এবং সীতাকুণ্ডে ২৫ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সন্দ্বীপ ও মীরসরাইয়ে ৩৭ কার্টন করে, রাঙ্গুনিয়ায় ৩৫ কার্টন, বোয়ালখালীতে ২৫ কার্টন, রাউজানে ৩৫ কার্টন এবং চন্দনাইশে ২৫ কার্টন খেজুর দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী বাঁশখালীতে ৩৭ কার্টন, লোহাগাড়ায় ২৫ কার্টন, সাতকানিয়ায় ৩৭ কার্টন, কর্ণফুলীতে ১৫ কার্টন এবং চট্টগ্রাম মহানগরে ২৫ কার্টন খেজুর বরাদ্দ রয়েছে।

খেজুরের এই বরাদ্দ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকে জানতে চাইছেন, বরাদ্দ অনুযায়ী খেজুর প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছচ্ছে কি না এবং বণ্টন প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন