ভারতকে পাকিস্তানের আগাম ‘হুমকি’

ভারতকে পাকিস্তানের আগাম ‘হুমকি’

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আসন্ন টুর্নামেন্টে পাকিস্তান এবং ভারতের মধ্যকার ম্যাচ নিয়ে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়। মাঠের খেলায় ফলাফল যাই হোক না কেন- কথার লড়াইয়ে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। এই যেমন দর্শপ্রিয় ম্যাচটিকে সামনে রেখে ভারতকে আগাম হুমকি দিয়ে রাখলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ।

এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৯ সেপ্টেম্বর। এবারের আসর হবে টি-টোয়েন্টি সংস্করণে। ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‍মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। সাম্প্রতিক ফর্ম বলছে- আসন্ন ম্যাচে এগিয়ে থাকবে ভারত। যদিও তাদের ছেড়ে কথা বলবে না পাকিস্তান।

বিজ্ঞাপন

এশিয়া কাপের জন্য রোববার (১৭ আগস্ট) দল ঘোষণা করেছে পিসিবি। বাবার আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটার জায়গা না পেলেও খুব একটা ভাবতে হচ্ছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। দলে রাখা হয়েছে ফখর জামান, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুবদের মতো দারুণ কয়েকজন ক্রিকেটারকে। যারা নিজেদের দিনে প্রতিপক্ষের জন্য যমদূত হয়ে উঠতে পারেন। যেটা আশা দেখাচ্ছে আকিবকে।

তিনি বলেন, ‘ভারতকে হারানোর সামর্থ্য আছে এই পাকিস্তান দলের। সালমানরা এই দল নিয়েই এশিয়া কাপে ভারতকে হারাতে পারবে। আপনি পছন্দ করুন বা না করুণ, ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। প্রত্যেক খেলোয়াড়ই এটা জানে। আমরা নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি। ম্যাচটিতে বাড়তি উত্তেজনা থাকবে। তাই বলে ক্রিকেটারদের ওপর কোনো চাপ দেওয়া যাবে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন