টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্বভার উঠবে কার হাতে? এমন প্রশ্নের জবাবে, বারবারই শোনা যাচ্ছিল লিটন দাসের নাম। অবশেষে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্বের দায়িত্ব উঠতে যাচ্ছে লিটনের কাঁধে। আর তার ডেপুটি হওয়ার দৌড়ে আছেন শেখ মাহেদি।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটন ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন। তার অধীনে ক্যারিবিয়দের ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর লিটনকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করার আনুষ্ঠানিকতাই বাকি ছিল শুধু। আজ বিকেলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা করা হবে। সেখানেই অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করবেন নির্বাচকরা। এর আগে বাংলাদেশকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন। যেখানে ৩টিতেই জিতেছে টাইগাররা।
লিটন অবশ্য এখন আছেন ইনজুরিতে। পিএসএল খেলতে গিয়ে অনুশীলনে আঙুলে চোট পান তিনি। তবে চোট থেকে সেরে উঠছেন লিটন, আগামীকাল শুরু করবেন স্কিল ট্রেনিং। আর আগামী ১২ই মে থেকে পুরোদমে অনুশীলন শুরু করবেন এই ওপেনার। সংযুক্ত আরব আমিরাতে ২টি ও পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

