গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ ভারত খেলে ফেলেছে দুবাইয়ের মাটিতে। আগামীকাল রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচও খেলবে তারা মধ্যপ্রাচ্যে। সেমিফাইনাল তো বটেই এমনকি ফাইনালে উঠলেও ভারত খেলবে একই মাঠে। ভারতীয়দের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে সমালোচনামুখর হয়েছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। এ নিয়ে সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক দুই ক্যাপ্টেন নাসের হুসেইন ও মাইক আথারটনও।
একই মাঠ ও কন্ডিশনে খেলছে ভারত। ভ্রমণ ধকল এড়িয়ে বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মারা, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্ট উল্লেখ করে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফে নাসের বলেছিলেন ‘পাকিস্তান স্বাগতিক; কিন্তু ঘরের মাঠের সুবিধাটা পাচ্ছে ভারত’।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা প্রাপ্তির সমালোচনা করেছেন রসি ফন ডার ডুসেনও। দক্ষিণ আফ্রিকার এ টপ অর্ডার ব্যাটারের অভিমত, ভারত বিশেষ সুবিধা নিচ্ছে, এটা বুঝতে ‘রকেটবিজ্ঞানী’ হওয়ার দরকার নেই। ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচকে সামনে রেখে ডুসেন বলেন, ‘এটা নিশ্চিতভাবেই সুবিধা। আমি দেখেছি পাকিস্তান এ নিয়ে মন্তব্য করছে। এটা অবশ্যই একটা সুবিধা। আপনি যদি একটা জায়গায় থাকেন, একই হোটেলে অবস্থান করেন, একই সুবিধা নিয়ে অনুশীলন করেন, একই স্টেডিয়ামে এবং একই উইকেটে খেলেন, সেটা তো অবশ্যই সুবিধা। আমার মনে হয় না, এটা বোঝার জন্য রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

