টি–টোয়েন্টি বিশ্বকাপে ফিন অ্যালেনের ঝড়ে ভেঙে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার স্বপ্ন। সেই হারের পর প্রথমবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েই প্রতিশোধটা নিয়ে নিল প্রোটিয়ারা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। পরে সহজ লক্ষ্য তাড়া করে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে সফরকারীরা।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। কিন্তু শুরু থেকেই চাপে পড়ে তারা। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ৩৬ রান তুলতেই হারায় ৫ উইকেট। এরপর জিমি নিশামের ২১ বলে ২৬, কোল ম্যাকঞ্জির ১১ বলে ১৫ এবং মিচেল স্যান্টনারের ১৫ বলে ১৯ রান কিছুটা লড়াইয়ের অবস্থানে নেওয়ার চেষ্টা করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ১৯ বছর বয়সী অভিষিক্ত পেসার কোবানি মোকোয়েনা। তিনি নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া জেরাল্ড কুটসিয়া, ওটনিয়েল বার্টম্যান এবং কেশব মহারাজ নেন দুটি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতেও শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দ্রুত ফিরে যান টনি ডি জর্জি, রুবেন হারমান এবং জেসন স্মিথ। তবে একপ্রান্ত আগলে রেখে ধীরে ধীরে দলকে এগিয়ে নেন অভিষিক্ত ওপেনার কনর এস্থেইজেন। চতুর্থ উইকেটে ডিন ফরেস্টারের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করেন তিনি। ২ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন এস্থেইজেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

