ভারতে বসছে ২০২৬ কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ: মাঠ কাঁপাতে প্রস্তুত বাংলাদেশ

ভারতে বসছে ২০২৬ কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ: মাঠ কাঁপাতে প্রস্তুত বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে আরও একধাপ উঁচুতে নেওয়ার সুযোগ আসছে। আগামী অক্টোবরে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ'।

বিজ্ঞাপন

কমনওয়েলথ স্পোর্ট ফেডারেশন সম্প্রতি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়াকে (AKFI) পাঠানো এক চিঠিতে এই চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। চিঠি অনুযায়ী, ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই জমজমাট আসর। ভারতের মাটিতে অনুষ্ঠেয় এই চ্যাম্পিয়নশিপে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ অংশ নেবে।

বাংলাদেশ কাবাডির বিশ্বমঞ্চে অন্যতম শক্তিশালী নাম। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা সাফল্য আছে বাংলাদেশের। তাই এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একটি সম্ভাবনাময় নাম। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশ শীর্ষ সারির প্রতিযোগী হিসেবে মাঠে নামবে।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর হিসেবে পরিচিত কমনওয়েলথ কাঠামোর অধীনে এই চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের জন্য এক বিরাট সুযোগ। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে জানা গেছে, এই চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় পুরুষ ও নারী দলের বিশেষ ক্যাম্প এবং প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজনের পরিকল্পনা দ্রুতই শুরু করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন