ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন দীর্ঘদিনের। এর জেরে সম্প্রতি সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে ভারত। আসন্ন এশিয়া কাপেও প্রতিদেশী দেশটির বিপক্ষে না খেলার পরামর্শ দিচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এরই মধ্যে এবার ভারতের ম্যাচে নিজেদের দলের জার্সি পরে হেনস্থার শিকার হলেন পাকিস্তানের এক দর্শক।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সবশেষ ম্যানচেস্টার টেস্টে। প্রতিবেদনে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডন জানিয়েছে, ওই দর্শকের নাম ফারুক নজর। ম্যাচটিতে পাকিস্তানের জার্সি পরে মাঠে প্রবেশ করেন ওই ভক্ত। এরপর থেকেই নিরাপত্তাকর্মীদের চাপের মুখে পড়েন তিনি। তাকে বারবার পাকিস্তানের জার্সি ডেকে ফেলার আদেশ দেন নিরাপত্তাকর্মীরা।
জার্সি না ঢাকার জন্য নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে যান নজর। কিন্তু নিরাপত্তাকর্মীরা বারবার একই কথায় বলায় শেষ পর্যন্ত জার্সি না খুলে গ্যালারি থেকে বের হয়ে যান তিনি। পুরো ঘটনার ভিডিও করেন নজর। পরে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সে ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এরপর থেকেই বয়ে যাচ্ছে নিন্দার ঝড়।
ওই ভিডিওতে নজর বলেন, ‘কন্ট্রোল থেকে আমাকে জার্সিটি ঢেকে ফেলার কথা বলা হয়।’ আরেকজন নিরাপত্তাকর্মী বলেন, ‘পাকিস্তানের জার্সিটিকে জাতীয়তাবাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হতে পারে।’ তবে ম্যানচেস্টার টেস্টের কোন দিন এই ঘটনা ঘটেছে সে বিষয়য়ে এখনো কিছু জানা যায়নি।
আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ না করলেও ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে আয়োজক ক্লাব ল্যাঙ্কাশায়ার। ক্লাবটির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। সঠিক তথ্য জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

