গাভাস্কার-সোবার্সকে টপকে নতুন রেকর্ডে গিল

গাভাস্কার-সোবার্সকে টপকে নতুন রেকর্ডে গিল

ওভাল টেস্ট শুরুর আগেই তিনটি রেকর্ড হাতছানি দিচ্ছিল ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে। ওভালে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেই দুটি পেরিয়ে নতুন রেকর্ড গড়লেন গিল। দিনের দ্বিতীয় ঘণ্টায় ব্যাট করতে নামা গিল আধা ঘণ্টার মধ্যেই ভেঙেছেন দুটি রেকর্ড।

গিল প্রথম রেকর্ডটি ভেঙেছেন স্যার গ্যারি সোবার্সের, যা টিকেছিল ৫৯ বছর। আরেকটি রেকর্ড সুনীল গাভাস্কারের, টিকেছিল ৪৬ বছর। সিরিজের প্রথম চার টেস্টে ৭২২ রান করা গিল আজ প্রথম রেকর্ডটি ভেঙেছেন নিজের প্রথম স্কোরিং শটে। সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডে পেছনে ফেলছেন সোবার্সকে।

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৬৬ সালের ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের আট ইনিংসে করেছিলেন ৭২২ রান। প্রায় ছয় দশক পর গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ড টেস্টেই তাঁকে ছুঁয়ে ফেলেন গিল।

গাভাস্কারকে ছাড়াতে দিলের দরকার ছিল ১১ রান। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। আজ ১১ রান স্পর্শ করার মধ্যে দিয়ে গাভাস্কারের রেকর্ডটিও দুইয়ে ঠেলে দিয়েছেন গিল।

আরও কিছু রেকর্ড হাতছানি দিচ্ছে গিলের সামনে। ৫৩ রান করতে পারলে গিল হয়ে যাবেন ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক। ১৯৭১ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে ৭৭৪ রান করে রেকর্ডটির মালিক গাভাস্কার।

৮৯ রান করতে পারলে ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গিল হবেন অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করা বিশ্ব রেকর্ডের মালিক। ১৯৩৬-৩৭ অ্যাশেজে ৯ ইনিংসে ৮১০ রান করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন