ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন শুভমান গিল। এবার ওভাল টেস্টে তার সামনে হাতছানি দিচ্ছে ইতিহাস গড়ার সুযোগ। সুনীল গাভাস্কার, স্যার গ্যারি সোবার্স ও ডন ব্র্যাডম্যানদের ছাড়িয়ে যাওয়ার মোক্ষম সুযোগই গিল পাচ্ছেন ওভালে।
এখন পর্যন্ত চার টেস্টে গিলের রান ৭২২। আর ১১ রান করলেই গাভাস্কারের ৪৬ বছর পুরোনো এক রেকর্ড ভেঙে দিবেন গিল। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন সেই সময়ের অধিনায়ক গাভাস্কার। আজ গিল ৭৩৩ রান করলেই পেরিয়ে যাবেন কিংবদন্তি এই ক্রিকেটারকে।
আরেকটি রেকর্ডে নাম লেখাতে গিলের দরকার ৫৩ রান। তাহলেই অধিনায়ক হিসেবে এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি নিজের করে নেবেন গিল ৫৪ বছর ধরেই এই রেকর্ড গাভাস্কারের। অভিষেক সিরিজেই ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে ৭৭৪ রান করেছিলেন ‘লিটল মাস্টার’।
এদিকে আর ৮৯ রান করলেই অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ডে নাম লেখাবেন গিল। ১১ রান করলেই তিনি উঠে যাবেন তিনে, পেরিয়ে যাবেন যৌথভাবে এখন তিনে থাকা গাভাস্কার (৭৩২) ও ডেভিড গাওয়ারকে (৭৩২)। খুব বেশি দূরে নেই দুইয়ে থাকা গ্রাহাম গুচও (৭৫২)। ৮১০ রান নিয়ে শীর্ষে স্যার ডন।
আরেকটি সেঞ্চুরি পেলে গিল গড়ে ফেলবেন ইতিহাস। অধিনায়ক হিসেবে এক সিরিজে ৫ সেঞ্চুরির অনন্য কীর্তি গড়বেন তিনি। ৪ সেঞ্চুরি নিয়ে গিল এখন যৌথভাবে শীর্ষে ব্র্যাডম্যান ও গাভাস্কারের সঙ্গে। ওভালে সেঞ্চুরি পেলে ৭০ বছর পুরোনো একটি বিশ্বরেকর্ডও স্পর্শ করবেন গিল। এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির কীর্তিতে ছুঁয়ে ফেলবেন স্যার ক্লাইড ওয়ালকটকে। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের সিরিজে ৫টি সেঞ্চুরি করেছিলেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

