এশিয়া কাপের আগে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২৯ আগস্ট থেকে শুরু হওয়া সিরিজের সূচিও ঘোষণা করেছে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তান মাঠে নামবে।
শারজাহতে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ২৯ আগস্ট, শেষ হবে ৭ সেপ্টেম্বর। এরপর আরব আমিরাতেই ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে টি-টোয়েন্টি সংস্করণের এবারের এশিয়া কাপ।
ঘোষিত সূচি অনুযায়ী, ২৯ আগস্ট ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামবে পাকিস্তান। পরদিন আবার আমিরাত ও পাকিস্তান ম্যাচ। আফগানিস্তানকে আবার ১ ও ২ সেপ্টেম্বর যথাক্রমে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে হবে।
আমিরাতও একইভাবে ৪ ও ৫ সেপ্টেম্বর পরপর পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচ হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

